মাদারীপুরে ফ্ল্যাট থেকে যুবকের লাশ উদ্ধার, আটক ১
মাদারীপুর শহরের একটি ফ্ল্যাট থেকে নয়ন হাওলাদার (২৬) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে শহরের ২ নম্বর ওয়ার্ডের শকুনি সড়কের এস এম নাসিরউদ্দিনের ছয়তলা ভবনের একটি ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করা হয়।
নয়ন হাওলাদার হরিকুমারিয়া এলাকার মাঈনুদ্দিন হাওলাদারের ছেলে। তিনি পেশায় ফল ব্যবসায়ী। এ ঘটনায় ওই বাসা থেকে শাওন সরদার (২৫) নামের একজনকে আটক করেছে পুলিশ। তিনি শহরের পুরাতন জেলখানা এলাকার বাসিন্দা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আড়াই মাস আগে নয়ন হাওলাদার ভবনটির ছয়তলার পশ্চিম পাশের একটি ফ্ল্যাট ভাড়া নেন। সঙ্গে ছিলেন তাঁর দুই সহযোগী। সম্প্রতি বাড়ির কেয়ারটেকার ওবায়দুর রহমান বাসাভাড়ার জন্য চাপ দিলে নয়ন তা এড়িয়ে যেতে থাকেন। এরপর প্রায় এক সপ্তাহ ধরে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। গতকাল সন্ধ্যায় ফ্ল্যাটটির ভেতর থেকে চিৎকার-চেঁচামেচি শুনে স্থানীয় লোকজন পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে দরজা ভেঙে নয়নের লাশ উদ্ধার করে। ওই সময় অন্য একটি রুম থেকে শাওন সরদারকে আটক করা হয়। মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে লাশটি।
মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমা বলেন, খবর পেয়ে পুলিশ রুমের দরজা ভেঙে এক যুবকের মরদেহ উদ্ধার করে। জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। খুব শিগগির বিস্তারিত জানা যাবে।