ভাঙ্গায় ডেঙ্গু রোগীর মৃত্যু, চিকিৎসকের বিরুদ্ধে অবহেলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর জেলার মানচিত্র

ফরিদপুরের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত এক চিকিৎসকের বিরুদ্ধে ডেঙ্গু আক্রান্ত এক রোগীর চিকিৎসায় অবহেলার অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকাল সোয়া আটটার দিকে হাসপাতালে চিকিৎসাধীন ওই রোগীর মৃত্যু হয়।

মারা যাওয়া ওই রোগীর নাম মো. সোহেল শেখ (২৫)। তিনি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের আলিপুর গ্রামের মো. হাবি শেখের ছেলে। অসুস্থ অবস্থায় গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে তাঁকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মৃত সোহেলের বাবা হাবি শেখ অভিযোগ করে বলেন, গতকাল হাসপাতালে ভর্তি হওয়ার পর সোহেলের রক্ত পরীক্ষা করা হয়। পরীক্ষায় সোহেলের ডেঙ্গু ধরা পড়ে। রাতে সোহেলের অবস্থা খারাপের দিকে যায়। তখন একাধিকবার জরুরি বিভাগে যোগাযোগ করে চিকিৎসক না পাওয়ায় সকালে সোহেলের মৃত্যু হয়।

ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ওই সময়ে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ছিলেন সাদমান সাকিব। তিনি বলেন, ‘আমি সোমবার রাত সাড়ে ১১টা ও দিবাগত রাত ৩টার দিকে দুবার ওই রোগী দেখেছি। ওই সময় রোগীর অবস্থা খারাপ ছিল না। আজ সকাল আটটার দিকে আমি শৌচাগারে ছিলাম। তখন রোগীর স্বজনেরা দুবার ফোন দিয়েছেন। শৌচাগার থেকে রোগীর কাছে গিয়ে দেখি, রোগী মারা গেছেন।’

জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা তরুণ কুমার পাল প্রথম আলোকে বলেন, অনেক সময় রোগী না থাকলে চিকিৎসকেরা বিশ্রাম নেন। তিনি চিকিৎসকের (সাদমান) সঙ্গে কথা বলেছেন। চিকিৎসক বলেছেন, ‘রোগীর অবস্থা খারাপের ব্যাপারে আমি ইনফর্ম ছিলাম না। আমাকে কেউ কিছু বলেনি। যখন গেলাম তখন গিয়ে দেখি, রোগী মারা গেছে।’

তরুণ কুমার পাল আরও বলেন, ‘আমরা সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেক করব। অভিযোগটি তদন্ত করে দেখব। যদি ডাক্তারের অবহেলা হয়ে থাকে, তাহলে তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’