লক্ষ্মীপুরে ইয়াবাসহ গ্রেপ্তার যুবলীগ নেতাকে দল থেকে অব্যাহতি
লক্ষ্মীপুরে ইয়াবাসহ গ্রেপ্তার যুবলীগ নেতা মনির হোসেনকে দল থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে লক্ষ্মীপুর সদর পশ্চিম যুবলীগের আহ্বায়ক তোফাজ্জল হোসেন ও যুগ্ম আহ্বায়ক মো. মাহবুবুল হক স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মনির হোসেন লক্ষ্মীপুর সদর উপজেলার চর রমনী মোহন ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়কের দায়িত্বে ছিলেন। এ ছাড়া তিনি চর রমনী মোহন ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য।
এর আগে গত মঙ্গলবার লক্ষ্মীপুর সদর উপজেলার মজু চৌধুরী হাট এলাকা থেকে ৮৫ হাজার ২০টি ইয়াবাসহ তিনজনকে আটক করে র্যাব। এ ঘটনায় র্যাব-১১–এর নোয়াখালী ক্যাম্পের নায়েব সুবেদার (ডিএডি) নুরুল ইসলাম বাদী হয়ে গতকাল বিকেলে লক্ষ্মীপুর সদর থানায় মামলা করেন। ওই মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার অন্য দুজন হলেন গ্রাম পুলিশ (চৌকিদার) সদস্য মো. ইব্রাহিম এবং যুবলীগ কর্মী আমির হোসেন। তাঁরা সবাই চর চরমী মোহন ইউনিয়নের বাসিন্দা। এদিকে ইউপি সদস্যপদ থেকে মনির হোসেন ও গ্রাম পুলিশ ইব্রাহিমকে বরখাস্তের সুপারিশ করা হয়েছে। গতকাল জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এ–সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।
র্যাব জানায়, মনির ও তাঁর সহযোগীরা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী। তাঁরা দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসা করে আসছিলেন।
লক্ষ্মীপুর সদর পশ্চিম যুবলীগের আহ্বায়ক তোফাজ্জল হোসেন বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সংগঠন থেকে মনির হোসেনকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। তদন্তের পর তাঁর বিরুদ্ধের চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।