সাড়ে ৭ ঘণ্টায়ও মোংলা ইপিজেডের ব্যাগ কারখানার আগুন নেভেনি, তদন্ত কমিটি গঠন
সাড়ে সাত ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি বাগেরহাটের মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ইপিজেড) বিদেশি মালিকানাধীন একটি ব্যাগ প্রস্তুতকারী কারখানায় লাগা আগুন। আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে মোংলা ইপিজেডের ভিআইপি লাগেজ নামের ওই কারখানার ১ নম্বর ইউনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
আগুন নিয়ন্ত্রণে মোংলা, বাগেরহাট ও খুলনার বিভিন্ন ফায়ার স্টেশনের ১২টি ইউনিট কাজ করছে। তবে আজ রাত সাড়ে ১০টা পর্যন্ত আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়নি।
কারখানা সূত্র জানায়, আগুন লাগার সময় শ্রমিকেরা ওই কারখানায় কাজ করছিলেন। তবে সবাই বেরিয়ে যাওয়ায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে দাবি কর্তৃপক্ষের। কারখানার শ্রমিকেরা বলছেন, দুপুরে হঠাৎ কারখানার উৎপাদন এলাকার পাশের ফিনিশ গুডস রাখা অংশে আগুন দেখতে পান তাঁরা। মুহূর্তেই ওই আগুন পুরো ইউনিটে ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে তাঁরা ছুটে গেলেও দাউ দাউ করে জ্বলা আগুনে পুরো এলাকা ধোঁয়ায় ছেয়ে যায়। পরে আগুন নেভাতে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে আসেন। ঘটনার সময় কারখানাটিতে কত শ্রমিক ছিলেন, তা জানা যায়নি।
এদিকে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে মোংলা ইপিজেডের অতিরিক্ত নির্বাহী পরিচালক (হিসাব) আবুল হাসান মুন্সিকে প্রধান করে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে ইপিজেড কর্তৃপক্ষ। ওই কমিটিকে আগামী ৩ কার্যদিবসের মধ্যে মোংলা ইপিজেডের নির্বাহী পরিচালকের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
কারখানার মানবসম্পদ কর্মকর্তা মো. মিজান বলেন, তাঁরা আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো নিশ্চিত নন। শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে বলে তাঁরা প্রাথমিকভাবে ধারণা করছেন। আগুনে তাঁদের কেউ হতাহত হননি। যে ইউনিটে আগুন লেগেছে, সেখানকার শ্রমিকদের দুই দিনের ছুটি ঘোষণা করা হয়েছে।
মোংলা ইপিজেডের নির্বাহী পরিচালক মো. মাহাবুব আহম্মেদ সিদ্দিক বলেন, আগুন ওই কারখানার পুরো ইউনিটে ছড়িয়ে পড়েছে। পুরোপুরি তা না নিভলেও আশপাশে আর ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই। ফায়ার সার্ভিসের কর্মীরা নির্দিষ্ট স্থানের মধ্যে আগুন নিয়ন্ত্রণে রেখেছেন।
আগুন লাগা প্রতিষ্ঠানটির ওই ইউনিটে ব্যাগ তৈরির বিভিন্ন কাপড়, অন্যান্য মালামাল ও উৎপাদিত পণ্য ছিল বলে জানা গেছে। প্রতিষ্ঠানসংশ্লিষ্ট একটি সূত্র বলছে, আগুনে কারখানাটির কাঁচামালের গোডাউন, উৎপাদিত ব্যাগের গুদাম এবং কারখানার মূল উৎপাদন এলাকা সম্পূর্ণ পুড়ে গেছে।
কারখানার এমডি স্বপন মাইটি আজ রাত পৌনে ৯টায় বলেন, ‘আগুন এখনো নেভেনি। পুরো ইউনিটই জ্বলছে। আমরা ভেতরে যেতে পারছি না। আগুন যেভাবে জ্বলছে, তাতে সারা রাতে নেভানো যাবে কি না, সন্দেহ আছে। আগুন নেভানোর পর ক্ষয়ক্ষতি সম্পর্কে বলতে পারব।’
আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসতে কত সময় লাগতে পারে, সে বিষয়ে স্পষ্ঠভাবে কিছু বলতে পারেনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এ বিষয়ে তাদের বাগেরহাট কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. গোলাম সরোয়ার আজ রাত সাড়ে ৯টায় মুঠোফোনে বলেন, আগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রথমে মোংলা ও বাগেরহাটের চারটি ইউনিট সেখানে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। আগুনের তীব্রতা ধীরে ধীরে বাড়তে থাকায় পরে খুলনা ফায়ার সার্ভিসের সহযোগিতা চাওয়া হয়। বাগেরহাট ও খুলনার মোট ১২টি ইউনিট আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছে। আগুন এখনো পুরোপুরি নেভেনি, তবে নিয়ন্ত্রণে আছে। আগুন পুরোপুরি নেভাতে আরও অন্তত দুই ঘণ্টা লাগতে পারে।