আনোয়ারায় পুকুর থেকে তরুণের লাশ উদ্ধার
চট্টগ্রামের আনোয়ারায় একটি পুকুর থেকে মোহাম্মদ এয়াসিন (২২) নামের এক তরুণের লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আজ রোববার বেলা একটার দিকে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এয়াসিনের বাড়ি কক্সবাজারের রামু উপজেলায়।
স্থানীয় বাসিন্দাদের সূত্র জানা গেছে, ওই তরুণ এক বছর ধরে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গেটে একটি চায়ের দোকানে কাজ করতেন। আজ দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুকুরে তিনি গোসল করতে যান। কিছুক্ষণ পর ওই দোকানের আরেক কর্মচারী মোহাম্মদ খোকনও সেখানে গোসল করতে গিয়ে এয়াসিনের খোঁজ করতে থাকেন। তবে এয়াসিনের মুঠোফোন পুকুরের ঘাটে থাকলেও তাঁকে না দেখায় সন্দেহ হয়। পরে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হলে তারা এসে পুকুরে তল্লাশি চালিয়ে লাশটি উদ্ধার করে।
আনোয়ারা ফায়ার স্টেশনের টিম লিডার মুজিবুর রহমান প্রথম আলোকে বলেন, তাঁরা আধা ঘণ্টার চেষ্টায় পুকুর থেকে লাশটি উদ্ধার করেছেন। এরপর লাশটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
জানতে চাইলে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন বলেন, লাশের সুরতহালে ওই তরুণের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তাঁরা লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।