বাসের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে শ্যালক-দুলাভাই নিহত

সড়ক দুর্ঘটনাপ্রতীকী ছবি

বরগুনায় যাত্রীবাহী বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী শ্যালক-দুলাভাই নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে আটটার দিকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কে জেলার আমতলী উপজেলার শাখারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া গ্রামের মধু হাওলাদারের ছেলে মো. সজীব (২৫) এবং তাঁর শ্যালক সাইফুল ইসলাম (১৬)। এ ঘটনায় আহত হয়েছেন সাইফুলের ছোট ভাই আছাদুল ইসলাম (১৪)। তিনি বর্তমানে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

আমতলী থানা-পুলিশ ও নিহত ব্যক্তিদের পরিবার সূত্রে জানা গেছে, বরগুনার আমতলী উপজেলার শাখারিয়া এলাকা থেকে মোটরসাইকেলে সজীব হাওলাদার, তাঁর দুই শ্যালক সাইফুল ইসলাম ও আছাদুল ইসলাম কলাপাড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় কুয়াকাটা থেকে ছেড়ে আসা ‘গাজী সম্রাট পরিবহন’-এর যাত্রীবাহী বাসের সঙ্গে শাখারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সামনে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক সজীব হাওলাদার নিহত হন। পরে গুরুতর আহত অবস্থায় সাইফুল ইসলাম ও আছাদুল ইসলামকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাইফুলের মৃত্যু হয়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শাহাদাৎ মো. হাচনাইন বলেন, কুয়াকাটা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই একজন নিহত হন। আহত দুজনকে হাসপাতালে পাঠানো হলে সেখানে আরেকজনের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসের চালক ও সহযোগী পালিয়ে গেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।