নোয়াখালীতে বিএনপি ও সহেযাগী সংগঠনের ২৪ নেতা–কর্মী গ্রেপ্তার
গণমিছিলের দুই দিন আগে নোয়াখালী পৌর বিএনপির সভাপতি আবু নাছেরসহ বিএনপি ও সহযোগী সংগঠনের ২৪ জন নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।
নোয়াখালী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও জেলা শ্রমিক দলের সভাপতি দেলোয়ার হোসেনের বাড়ি থেকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় সুধারাম থানার পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) যৌথ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করে।
পুলিশের দাবি, গ্রেপ্তার নেতা–কর্মীরা পূর্বের বিভিন্ন মামলার পলাতক আসামি।
গ্রেপ্তারের পর বিএনপির নেতা–কর্মীদের সুধারাম থানার হাজতে রাখা হয়েছে। আজ শুক্রবার দুপুরে তাঁদের নিজ নিজ মামলায় গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হবে।
তবে আগামীকাল শনিবার বিএনপির গণমিছিল কর্মসূচিকে বানচাল করার অংশ হিসেবে পুলিশ ওই গ্রেপ্তার অভিযান পরিচালনা করেছে বলে দলীয় নেতারা মনে করছেন। জেলা বিএনপির সাধারণ সম্পাদক আবদুর রহমান দলীয় নেতা–কর্মীদের গ্রেপ্তারের ঘটনাকে পুলিশের অতি বাড়াবাড়ি হিসেবে আখ্যায়িত করেছেন।
আবদুর রহমান প্রথম আলো বলেন, বিএনপির নেতা–কর্মীরা শ্রমিক দলের সভাপতি দেলোয়ার হোসেনের বাড়িতে হাঁসপার্টি (হাঁসের মাংস খাওয়ার) অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন। সেখানে কোন রাজনৈতিক কর্মসূচি বা দলীয় কোনো সভাও ছিল না।
সুধারাম থানা-পুলিশ সূত্রে জানা গেছে, বিএনপির নেতা–কর্মীরা দেলোয়ার হোসেনের বাড়িতে গতকাল সন্ধ্যায় সরকারবিরোধী ষড়যন্ত্রের অংশ হিসেবে বৈঠক করছেন এমন খবর পায় পুলিশ। পরে সন্ধ্যা আনুমানিক সাতটার দিকে সুধারাম থানা-পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ওই বাড়িতে যৌথ অভিযান পরিচালনা করে। অভিযানে পৌরসভা বিএনপির সভাপতি আবু নাছেরসহ বিএনপি ও সহযোগী সংগঠনের ২৪ জন নেতা–কর্মীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অপর নেতা–কর্মীরা হলেন জেলা কৃষক দলের সদস্যসচিব মো. আবদুজ জাহের, শহর যুবদলের আহ্বায়ক আরিফ ইকবাল হোসেন, সদর উপজেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. হারুনুর রশিদ, জেলা কৃষক দলের আহ্বায়ক মো. ফজলে এলাহী, পৌর ছাত্রদলের আহ্বায়ক মো. ওয়াসিম, জেলা ছাত্রদলের ক্রীড়া সম্পাদক মো. আবদুর রহিম, জেলা শ্রমিক দলের সভাপতি মো. দেলোয়ার হোসেন, শহর বিএনপির যুববিষয়ক সম্পাদক মো. জাহাঙ্গীর, সহসভাপতি মো. মোবারক হোসেন, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক শাহ মো. জাফর উল্যাহ, সাংগঠনিক সম্পাদক মো. আবদুল হাই, পৌর বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি মো. বেলাল হোসেন, শহর শ্রমিক দলের আহ্বায়ক মো. হারুন, পৌর বিএনপির সহসভাপতি মো. ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাকের হোসেন, পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন, একই ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. নুরুল ইসলাম, সদর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মো. মমিনুল হক, বিএনপির কর্মী মো. সেলিম, মো. মজিবুল হক, মো. হান্নান, সহিদ মাহামুদ ও মো. আহসান উল্যাহ।
জানতে চাইলে সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, শ্রমিক দলের নেতা দেলোয়ারের বাড়িতে বিভিন্ন মামলার পলাতক আসামি বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গোপনে বৈঠকে বসেছেন এমন খবর পেয়ে যৌথ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার বিএনপির নেতা–কর্মীরা প্রত্যেকেই কোনো না কোনো মামলার আসামি। আজ দুপুরে তাঁদের সংশ্লিষ্ট মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।