পাওনা টাকা চাওয়ায় শিশুকে অপহরণের পর হত্যার অভিযোগ, আটক ৩
সাভারের আশুলিয়ায় পাওনা টাকা চাওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে মো. তানভীর নামের এক শিশুকে অপহরণের পর হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত অভিযোগে গতকাল বুধবার রাতে আশুলিয়ায় টংগাবাড়ি এলাকা থেকে তিনজনকে আটক করেছে র্যাব।
এর আগে গতকাল সকালে টংগাবাড়ি এলাকায় সড়কের পাশের একটি ড্রেন থেকে বস্তাবন্দী অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করা হয়।
নিহত শিশু তানভীর টংগাবাড়ি এলাকার মো. সোলায়মানের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসায় হেফজ বিভাগে পড়ত। আটক ব্যক্তিরা হলেন আনোয়ার হোসেন (২০), মো. সাকিব হোসেন (২৬) ও মো. তামজিদ আহমেদ (১৪)। তাঁরা সবাই আশুলিয়ার বাসিন্দা। আনোয়ার হোসেনের কাছে তানভীরের বাবা সোলায়মান টাকা পেতেন বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার সকালে র্যাব-৪ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
র্যাব জানায়, তানভীরের বাবা সোলায়মানের কাছ থেকে আনোয়ার টাকা ধার নিয়েছিলেন। তবে তিনি দীর্ঘদিন ধরে টাকা পরিশোধ করছিলেন না। সম্প্রতি পাওনা টাকা চাইতে আনোয়ারের বাড়িতে যান সোলায়মান। এ সময় দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। এতে আনোয়ার ক্ষিপ্ত হয়ে প্রতিশোধ নিতে সোলায়মানের ছেলে তানভীরকে অপহরণের পরিকল্পনা করেন। পরে গত মঙ্গলবার আনোয়ার ও তাঁর সহযোগীরা কৌশলে তানভীরকে জমি দেখানোর কথা বলে সড়কের পাশের একটি জঙ্গলে নিয়ে যান। সেখানে নিয়ে যাওয়ার পর তানভীরকে শ্বাসরোধে ও তাঁর মাথায় ইট দিয়ে আঘাত করে হত্যা করা হয়। পরে শিশুটির লাশ বস্তায় ভরে টংগাবাড়ি এলাকার সড়কের পাশের ড্রেনে ফেলে দেওয়া হয়।
পরদিন বুধবার মুঠোফোনে তানভীরের বাবা সোলায়মানের কাছে অজ্ঞাতনামা পরিচয়ে মুক্তিপণ দাবি করা হয়। এ ঘটনায় সকালেই সোলায়মান আশুলিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) ও র্যাব-৪-এ লিখিত অভিযোগ দেন। এদিকে দুপুরে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে ড্রেন থেকে তানভীরের লাশ উদ্ধার করে র্যাব।
র্যাব-৪ সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট রাকিব মাহমুদ খান প্রথম আলোকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনোয়ার হোসেন শিশুটিকে অপহরণ ও হত্যার বিষয়টি স্বীকার করেছেন। প্রাথমিকভাবে অপহরণ, হত্যাকাণ্ড ও মুক্তিপণ চাওয়ার বিষয়ে সম্পৃক্ততা থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। তদন্তের পর বিষয়টি নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে আশুলিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।