কলাপাড়ায় তাপবিদ্যুৎকেন্দ্রের বয়লারের ওপর থেকে চীনা শ্রমিকের মৃত্যু
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের লোন্দা গ্রামে নির্মাণাধীন তাপবিদ্যুৎকেন্দ্রের বয়লারের ওপর থেকে পড়ে চীনা এক শ্রমিকের মৃত্যু হয়েছে।রোববার বিকেল পাঁচটার দিকে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া ওই শ্রমিকের নাম ঝাউ জু পেং (৫২)। তিনি রুরাল-নরিনকো পাওয়ার কোম্পানি লিমিটেডের (আরএনপিএল) নির্মাণাধীন তাপবিদ্যুৎকেন্দ্রের চীনা শ্রমিক ছিলেন। ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রটি বাংলাদেশ-চায়নার যৌথ মালিকানায় নির্মিত হচ্ছে।
ওই শ্রমিকের মৃত্যু বিষয়ে বক্তব্য নেওয়ার জন্য কোম্পানিটির সহকারী ব্যবস্থাপক মো. ইসরাফিল হোসেনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানান। তবে তাপবিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা যায়, চীনা শ্রমিক ঝাউ জু পেং রোববার দুপুরে বিদ্যুৎকেন্দ্রের বয়লারের ওপর উঠে কাজ করছিলেন। অসাবধানতাবশত হঠাৎ ওপর থেকে নিচে পড়ে তিনি গুরুতর আহত হন। কর্মরত অন্য শ্রমিকেরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিন্ময় হালদার বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার আগেই ওই শ্রমিকের মৃত্যু হয়েছে। তিনি রুরাল-নরিনকো পাওয়ার কোম্পানি লিমিটেডে শ্রমিক হিসেবে কাজ করতেন বলে তাঁরা শুনেছেন। ওই চীনা শ্রমিকের ডান হাতের ওপরের অংশ এবং বুকের পাঁজর ভেঙে গেছে। তাঁর দুই কান দিয়েই রক্ত ঝরছিল।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসীম প্রথম আলোকে বলেন, ‘আমরাও চীনা শ্রমিকের মৃত্যুর খবর পেয়েছি। তবে তিনি কী কারণে মারা গেছেন, তা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি। আমরা ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত তথ্য উদ্ঘাটন করব।’