‘ঋণ পরিশোধ করতে’ শিশু অপহরণ করে মুক্তিপণ দাবি, স্বামী-স্ত্রী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্রেপ্তার
প্রতীকী ছবি

অপহরণের শিকার দুই বছরের এক শিশুকে কক্সবাজারের একটি গেস্টহাউস থেকে উদ্ধার করেছে র‍্যাব। গতকাল শুক্রবার রাতে র‍্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের একটি দল কলাতলী হোটেল–মোটেল জোনের মোহাম্মদীয়া গেস্টহাউসে অভিযান চালিয়ে ওই শিশুকে উদ্ধার করে। এ সময় ছুফুয়ান খান ওরফে রাহাত (২৪) ও তাঁর স্ত্রী কেয়াকে (২২) গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ছুফুয়ান খান মুন্সিগঞ্জের শ্রীনগরের কবুতরখোলা এলাকার নাছির হাসানের ছেলে ও কেয়া বরিশালের হিজলা উপজেলার ওসমান মঞ্জিল এলাকার মো. কেরামত আলীর মেয়ে। তবে ছুফুয়ান তাঁর স্ত্রীকে নিয়ে ঢাকার দক্ষিণখানের মৌশাইর এলাকায় ভাড়া থাকতেন। আজ শনিবার সকালে পাঠানো র‍্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে।

র‍্যাবের বিজ্ঞপ্তিতে বলা হয়, অপহরণের শিকার শিশুটি কেয়ার আত্মীয়। ২০২০ সালের কেয়ার সঙ্গে ছুফুয়ানের বিয়ে হয়। বিয়ের সময় ছুফুয়ান ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করতেন। বিয়ের আট মাস পর ছুফুয়ানের চাকরি চলে যায়। পরে তিনি বিভিন্ন জায়গা থেকে ঋণ করে সংসার চালাতেন। এর মধ্যে ১০ আগস্ট এক পাওনাদারের কাছে ছুফুয়ানের ২০ হাজার টাকা পরিশোধ করার কথা ছিল। কিন্তু হাতে টাকা না থাকায় ছুফুয়ান ঋণ পরিশোধের ভয়ে ঘরের আসবাব ও অন্যান্য জিনিস বিক্রি করে বাড়ি থেকে পালিয়ে আত্মগোপন করার সিদ্ধান্ত নেন।

পরে সিদ্ধান্ত পরিবর্তন করে ছুফুয়ান ও কেয়া শিশু অপহরণের পরিকল্পনা করেন। ১০ আগস্ট তাঁরা এক আত্মীয়ের বাড়িতে যান। ওই বাড়ির দুই বছর বয়সী শিশুকে তুলে নিয়ে তাঁরা কক্সবাজারের একটি গেস্টহাউসে অবস্থান করতে থাকেন। এরপর শিশুর পরিবারের কাছে কল করে তাঁরা ২০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেন। না হলে শিশুকে হত্যা করে লাশ গুম করে ফেলার হুমকি দেন।

ওই শিশুর পরিবার দক্ষিণখান থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করে। অপহরণ হওয়া শিশুসহ আসামিরা কক্সবাজার অবস্থান করছে জানতে পেরে র‍্যাবের সহযোগিতা চাওয়া হয়। পরে র‍্যাব-১৫ গতকাল রাতে গেস্টহাউসে অভিযান চালিয়ে অপহৃত শিশুকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে। গ্রেপ্তার দুই আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে র‍্যাব।

জানতে চাইলে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুনীর উল গীয়াস প্রথম আলোকে বলেন, আজ বেলা সাড়ে ১১টা পর্যন্ত অপহৃত শিশু উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার কাউকে থানায় নিয়ে হস্তান্তর করেনি র‍্যাব।