মিরসরাইয়ে কেক খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুকে ধষর্ণচেষ্টা, গ্রেপ্তার ১
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় কেক খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ৬ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. আবু রেদোয়ান (৫০) নামের এক রিকশাচালককে গ্রেপ্তার করেছে জোরারগঞ্জ থানার পুলিশ। গতকাল শুক্রবার রাত আটটার দিকে উপজেলার বারইয়ারহাট পৌর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রেদোয়ান উপজেলার মায়ানী ইউনিয়নের বাসিন্দা। তিনি বারইয়ারহাট বাজারে গাছের চারা বিক্রির পাশাপাশি ওই এলাকায় অটোরিকশা চালাতেন। আজ শনিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় ওই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে জোরারগঞ্জ থানায় মামলা করেন ভুক্তভোগী শিশুর বাবা। পুলিশ শিশুটিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ওয়ান–স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠিয়েছে।
পুলিশ ও ভুক্তভোগী শিশুর স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বারইয়ারহাট পৌর এলাকায় ওই কন্যাশিশুটিকে কেক খাওয়ানোর প্রলোভন দেখিয়ে রেদোয়ান রান্নাঘরের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা চালান। তখন ওই শিশুর চিৎকারে তাঁর মাসহ অন্যরা এগিয়ে এলে রেদোয়ান পালিয়ে যান। তাঁরা শিশুটিকে উদ্ধার করে স্থানীয় উপজেলা কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে রাতেই ধর্ষণচেষ্টার অভিযোগে রেদোয়ানকে আটক করে জোরারগঞ্জ থানার উপপরিদর্শক মো. জসিম উদ্দিন। এ ঘটনায় ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে থানায় মামলা করলে রেদোয়ানকে গ্রেপ্তার দেখানো হয়।
ভুক্তভোগী শিশুর বাবা প্রথম আলোকে বলেন, ‘সবার অজান্তে আমার মেয়েকে ধর্ষণের চেষ্টা চালিয়েছে রেদোয়ান। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হোসেন বলেন, শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় থানায় মামলা হয়েছে। শারীরিক পরীক্ষার জন্য শিশুটিকে চমেক হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেপ্তার করে আজ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।