চাঁদপুরে জেলেদের জন্য বরাদ্দ চাল পাচারের চেষ্টা, ইউপি সচিব সাময়িক বরখাস্ত

পিকআপসহ জব্দ করা ভিজিএফের চাল। গতকাল রোববার রাতে চাঁদপুর শহরের বিপণীবাগ এলাকায়ছবি: প্রথম আলো

চাঁদপুরে জেলেদের জন্য বরাদ্দ সরকারি খাদ্যসহায়তার (ভিজিএফ) পাঁচ টন চাল পাচারের চেষ্টার অভিযোগে জব্দ করা হয়েছে। গতকাল রোববার রাতে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে চাঁদপুর সদর উপজেলার এক ইউপি কর্মকর্তাকে আজ সোমবার দুপুরে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

অভিযুক্ত গোলাম মোস্তফা সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়ন পরিষদের (ইউপি) সচিব।

প্রশাসন সূত্র জানায়, মা ইলিশ রক্ষা অভিযান উপলক্ষে লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের নিবন্ধিত জেলেদের মধ্যে বিতরণের জন্য চাল বরাদ্দ দেওয়া হয়েছিল। অভিযোগ, চাঁদপুর কেন্দ্রীয় খাদ্য সংরক্ষণাগার (সিএসডি গুদাম) থেকে সেসব চাল জেলেদের না দিয়ে বিক্রির উদ্দেশ্যে রোববার রাতে একটি মিনি পিকআপে করে কুমিল্লার লাকসামের দিকে পাঠানো হচ্ছিল।

বিষয়টি জানতে পেরে জেলা ও উপজেলা প্রশাসনের নির্দেশে চালবাহী গাড়িটি হাজীগঞ্জ এলাকা থেকে ঘুরিয়ে চাঁদপুরে ফিরিয়ে আনা হয়। পরে চাঁদপুর শহরের বিপণীবাগ এলাকা থেকে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাসেমের নেতৃত্বে গাড়ি ও চাল জব্দ করা হয়। চালগুলো চাঁদপুর কেন্দ্রীয় খাদ্যগুদামে রাখা হয়েছে।

এ ঘটনায় জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমানের নির্দেশে ইউপি সচিব গোলাম মোস্তফাকে সাময়িক বরখাস্ত করা হয়। তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রস্তুতি চলছে। চাল পাচারের কারণ ও এর পেছনে কারা জড়িত, তা খুঁজে বের করতে প্রশাসন তিন সদস্যের একটি তদন্ত কমিটিও গঠন করেছে।

তবে গোলাম মোস্তফা চাল পাচারের অভিযোগ অস্বীকার করেছেন। তাঁর দাবি, চাল নিয়ে ইউনিয়নে আসার সড়কটি খারাপ ছিল। তাই তিনি অন্য একটি ভালো সড়ক দিয়ে ঘুরিয়ে আনছিলেন।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, জেলেদের জন্য বরাদ্দ সরকারি সম্পদ আত্মসাতের চেষ্টার সঙ্গে জড়িত যেকোনো প্রভাবশালী ব্যক্তি বা চক্রের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।