এখন ওষুধ কিনবেন না চাল কিনবেন হাকিমপুরের মালেক মিয়া?
মালেক মিয়ার (৭৫) লিকলিকে শরীর। চশমার মোটা কাচের ভেতর দিয়েও দেখেন আবছা আবছা। অভাবের সংসারে একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। প্রতিদিন সকাল হলেই দুমুঠো খাবারের সন্ধানে বেরিয়ে পড়তেন। ২০ থেকে ২৫ কিলোমিটার রাস্তা হেঁটে লোকজনের কাছ থেকে চেয়েচিন্তে কয়েক কেজি চাল নিয়ে নিজের কুঁড়েঘরে ফিরতেন। তা দিয়েই চলত সংসার।
এখন সেটাও আর জোটে না। গত জুন মাসে গ্রামের রাস্তায় হোঁচট খেয়ে পড়ে গিয়ে পা ভাঙে তাঁর। সেই থেকে শয্যাশায়ী তিনি। ভাঙা পা নিয়ে ভিক্ষার পথও বন্ধ এখন। ওষুধ কিনবেন নাকি খাবার কিনবেন? এ অবস্থায় ছয় মাস ধরে অনাহারে-অর্ধাহারে কাটছে মালেক মিয়ার জীবন।
মালেক মিয়ার বাড়ি দিনাজপুরের হাকিমপুর উপজেলার নন্দীপুর গ্রামে। তাঁর একমাত্র মেয়ের বিয়ের হয়ে গেছে। এখন তাঁর অভাব-অনটনের সংসারে একমাত্র সঙ্গী স্ত্রী আরজিনা বেগম। এখন তিনিই বাড়ি বাড়ি গিয়ে সাহায্য চেয়ে দুই বেলার খাবার জোটাচ্ছেন।
সম্প্রতি মালেক মিয়া বলেন, তিনি হেঁটেই ইউনিয়নের ঘাসুড়িয়া, সাতকুড়ি, দেবখন্ডা, খট্টামাধবপাড়া, পাশের কাটলা ইউনিয়নের কাটলা, রামচন্দ্রপুর, দাউদপুরের বাড়িতে বাড়িতে এবং হিলি শহরের দোকানে দোকানে গিয়ে মানুষের ভিক্ষা করে সংসার চালাতেন। পা ভেঙে কয়েক মাস ধরে বাড়িতে পড়ে আছেন।
মালেক মিয়ার প্রতিবেশী শান্ত ইসলাম বলেন, বৃদ্ধ মালেক মিয়া চোখে কম দেখেন। পড়ে গিয়ে বাঁ পায়ে আঘাত পান। প্রথমে স্থানীয় কবিরাজের নিকট কয়েক মাস ধরে চিকিৎসা নেন। সেখানে তাঁর পায়ের কোনো উন্নতি হয়নি। ৬ নভেম্বর স্থানীয় হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে গেলে পরীক্ষা-নিরীক্ষার পরে চিকিৎসক জানান, তাঁর বাঁ পা ভেঙে গেছে। ব্যবস্থাপত্রে কিছু ওষুধ লিখে দিলেও উন্নত চিকিৎসার জন্য তাঁকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আরজিনা বেগম বলেন, তাঁদের তো ভ্যান ভাড়া দেওয়ারই টাকা নেই। রংপুরের হাসপাতালে গিয়ে চিকিৎসা করাবেন, এটা তো কল্পনাতীত। তাঁর স্বামী সরকার থেকে তিন মাস পর পর ১ হাজার ৫০০ টাকা বয়স্কভাতা পান। তা দিয়ে ‘নুন আনতে পান্তা ফুরায়’ দশা তাঁদের। তাঁর বয়সও ৬০ বছর হয়ে গেছে। তবে তিনি কোনো সহায়তা পান না।
খট্টামাধবপাড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য মোবারক হোসেন বলেন, মালেক মিয়া গরিব ও অসহায় একজন মানুষ। তিনি ও তাঁর স্ত্রী দুজনই অন্যের সাহায্য-সহযোগিতা নিয়েই দিন পার করেন। মালেক মিয়ার পায়ের চিকিৎসার জন্য ইউনিয়ন থেকে এই মুহূর্তে আর্থিক সহযোগিতা দেওয়ার কোনো সুযোগ নেই।
মালেক মিয়া বলেন, বয়স হয়ে গেছে তাঁর। এরপরও প্রতিদিন ২০ থেকে ২৫ কিলোমিটার রাস্তা হেঁটে ভাতের চাল জোগাড় করতেন। এখন কী করবেন, তা কিছুই জানেন না।