বালু ফেলে পুকুর ভরাটের সময় ট্রাকের নিচে চাপা পড়ে দুই শ্রমিক নিহত
বরিশাল নগরের পশ্চিম কাউনিয়া এলাকায় ট্রাকের চাকার নিচে পড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। আজ শুক্রবার দিবাগত রাত একটার দিকে পশ্চিম কাউনিয়ার হাজেরা খাতুন স্কুলসংলগ্ন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন দিনমজুর ইউনুস (৫০) ও হাবিব মজুমদার (৩৫)। তাঁরা পশ্চিম কাউনিয়া এলাকার একটি বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।
কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম বলেন, রাতের বেলা স্থানীয় ঠিকাদার বাড়ির একটি পুকুর ভড়াটের কাজ করছিলেন শ্রমিকেরা। ঘটনার সময় বেশ কয়েকটি ট্রাক পুকুর ভড়াটের জন্য বালু নিয়ে আসে। এ সময় একটি ট্রাক থেকে পুকুরে বালু ফেলা হচ্ছিল। সেই বালু সরানোর কাজ করছিলেন শ্রমিক ইউনুস, হাবিবসহ অন্যরা। একপর্যায়ে ট্রাকটির পেছনের চাকার পাশ থেকে বালু সরাতে গেলে ট্রাকটি পেছনের দিকে সরে যায়। এতে ইউনুস ও হাবিব চাকার নিচে চাপা পড়েন।
বরিশাল সদর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা রবিউল আল আমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাঁরা চাকার নিচে চাপা পড়া দুই শ্রমিককে মৃত অবস্থায় উদ্ধার করেন। পরে লাশ পুলিশের কাছে হস্তান্তর করেছেন।
এ ঘটনায় এখন পর্যন্ত থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি বলে জানানা কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান। তিনি বলেন, ঘটনার পর সবাই পালিয়ে গেছে। ট্রাকটিকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংরা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হবে বলে জানান তিনি।