নীলফামারীতে নিখোঁজের এক দিন পর মিলল শিশুর গলাকাটা লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাশ
প্রতীকী ছবি

নীলফামারীতে নিখোঁজের এক দিন পর ১২ বছরের এক শিশুর গলাকাটা লাশ পাওয়া গেছে। রোববার মধ্যরাতে সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের তেলিপাড়া গ্রামের জমি থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। গত শনিবার সন্ধ্যার পর থেকে সে নিখোঁজ ছিল।

লাশ উদ্ধার হওয়া শিশুটির নাম শাহরিয়ার সিহাব। সে তেলিপাড়া গ্রামের এরশাদুল হকের ছেলে। নিহত শাহরিয়ার শহরের আনন্দ বাবুর পুল এলাকার নীলফামারী ক্যাডেট একাডেমির পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

নিহত শাহরিয়ারের দাদা মতিয়ার রহমান বলেন, শনিবার মাগরিবের নামাজ পড়ে বাড়ির কাছে চায়ের দোকানে গিয়ে তিনি তাঁর নাতির দেখা পান। একসঙ্গে দাদা-নাতি সেখানে চা-নাশতা খান। পরে তিনি বাড়ি চলে আসেন। তাঁর নাতি দোকানেই থেকে যান। এর পর থেকে সে নিখোঁজ ছিল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিখোঁজের পর শনিবার রাতে শাহরিয়ার সিহাবের সন্ধানে মাইকিং করা হয়। রোববার সারা দিন খুঁজে না পেয়ে সন্ধ্যায় নীলফামারী সদর থানায় পরিবারের পক্ষে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। পরে রাত নয়টার দিকে তেলিপাড়া গ্রামে জমিতে সেচ দিতে গিয়ে স্থানীয় কৃষক হাচিনুর রহমান ছেলেটির গলাকাটা লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ১২টার দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

নীলফামারী সদর থানার পরিদর্শক (তদন্ত) মোক্তারুল আলম বলেন, সোমবার দুপুরে ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহত ছেলেটির বাবা এরশাদুল হক বাদী হয়ে সন্দেহভাজন তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করেন। এ ঘটনায় রাতেই দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। হত্যার রহস্য উদ্‌ঘাটনে সদর থানা-পুলিশের সঙ্গে ডিবি পুলিশ ও সিআইডি কাজ করছে।