চুয়াডাঙ্গায় সড়কে গাছ-খুঁটি ফেলে ডাকাতি, স্বর্ণালংকার ও টাকা লুট

ডাকাতিপ্রতীকী ছবি

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সড়কে খেজুরগাছ, বৈদ্যুতিক খুঁটি ও ট্রলি ফেলে ব্যারিকেড দিয়ে অস্ত্রের মুখে যানবাহনে ডাকাতি করা হয়েছে। পথচারীদের কুপিয়ে জখম ও মারধর করে স্বর্ণালংকার এবং টাকা লুট করেছে ডাকাত দল। এ সময় তিনজন আহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার সন্তোষপুর-আন্দুলবাড়িয়া সড়কে কনটেক খাম্বা কারখানার সামনে এ ঘটনা ঘটে।

আহত তিনজন হলেন ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাসিন্দা ট্রাকচালক আবদুল ওয়াহেদ, তাঁর সহকারী (হেল্পার) জীবননগরের রাজু আহমেদ ও দর্শনার তারিক আজিজ। আহত ব্যক্তিদের প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেওয়া হয়।

আহত ট্রাকচালক আবদুল ওয়াহেদ বলেন, বৃহস্পতিবার রাতে তিনি ট্রাক নিয়ে ঝিনাইদহের হরিণাকুন্ডু থেকে জীবননগরে ফিরছিলেন। রাত সাড়ে ১০টার দিকে কনটেক খাম্বা কারখানার সামনে ডাকাতদের ব্যারিকেডের মুখে পড়েন। গাড়ি থামাতেই ১৫ থেকে ১৬ জন ডাকাত রামদা দিয়ে তাঁর পিঠে ও গলায় কোপ মারে। তাঁর সহকারী রাজু আহমেদকেও মারধর করেছেন তাঁরা। এ সময় তাঁর কাছে থাকা ভাড়ার ১৫ হাজার টাকা ছিনিয়ে নিয়েছে ডাকাতেরা।

ঘটনার বর্ণনা দিয়ে আরেকটি ট্রাকচালকের সহকারী রুমন হোসেন বলেন, ডাকাত দলের সদস্যরা ট্রাক, মিশুক, মোটরসাইকেল, আলমসাধু, অটোভ্যানসহ অন্তত ৩০টি যানবাহন থামিয়ে ডাকাতি করেছে। ডাকাতেরা তাঁর কাছ থেকে সাত হাজার টাকা লুট করেছে। এ সময় মিশুকে থাকা নারী যাত্রীদের কাছ থেকে স্বর্ণালংকার লুটের ঘটনাও ঘটেছে।

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা (দামুড়হুদা সার্কেল), জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসানসহ পুলিশের একটি দল রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় ফারুক হোসেন নামে সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। জীবননগর উপজেলার কর্চ্চাডাঙ্গার গ্রামের বাসিন্দা ফারুক হোসেনের নামে অন্তত তিনটি ডাকাতির মামলা আছে।

আজ শুক্রবার সকালে সহকারী পুলিশ সুপার জাকিয়া সুলতানা প্রথম আলোকে বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, মুখোশধারী দুর্বৃত্তরা ১৫ হাজার টাকা, বেশ কিছু স্বর্ণালংকারসহ যার কাছে যা পেয়েছে, তাই লুট করেছে। রাত থেকেই পুলিশ অভিযানে নেমেছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় ভুক্তভোগী একজনকে বাদী করে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

ভুক্তভোগীরা জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে ১৫ থেকে ১৬ জন ডাকাত কনটেক খাম্বা কারখানার সামনে সড়কে ব্যারিকেড তৈরি করে। হাফপ্যান্ট ও লুঙ্গি পরা এবং গামছা-মাফলার দিয়ে মুখ ঢাকা ডাকাতেরা দেশীয় অস্ত্র রামদা ও হাসুয়ার উঁচিয়ে পথচারী ও যানবাহন থামিয়ে প্রায় এক ঘণ্টা ধরে ডাকাতি করে।