জাহাঙ্গীরনগরের উপাচার্যকে ‘ফ্যাসিস্ট’ বলার প্রতিবাদে দর্শন বিভাগের শিক্ষার্থীদের বিক্ষোভ
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও দর্শন বিভাগের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানকে ‘ফ্যাসিস্ট’ আখ্যা দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন দর্শন বিভাগের একদল শিক্ষার্থী।
আজ রোববার দুপুরে বিশ্ববিদ্যালয়ের কলা ও মানবিকী অনুষদের সামনে জড়ো হন দর্শন বিভাগের শিক্ষার্থীরা। সেখান থেকে তাঁরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে গিয়ে শেষ হয়। পরে সেখানে মানববন্ধন করেন শিক্ষার্থীরা। মানববন্ধনে বক্তারা সম্প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ধর্ষণচেষ্টার ঘটনায় আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবিও জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, বিশ্ববিদ্যালয়ে ধর্ষণচেষ্টার ঘটনায় গতকাল শনিবার উপাচার্যের বাসভবনের সামনে প্রক্টরের পদত্যাগের দাবিতে আন্দোলন করেন শিক্ষার্থীরা। একপর্যায়ে উপাচার্য অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসানের সঙ্গে বাক্বিতণ্ডায় জড়িয়ে পড়েন শিক্ষার্থীরা। এ সময় বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ৪৮তম ব্যাচের এক শিক্ষার্থী উপাচার্যকে ‘ফ্যাসিস্ট’ বলে আখ্যা দেন। এর প্রতিবাদে আজ বিক্ষোভ ও মানববন্ধন করেন দর্শন বিভাগের শিক্ষার্থীরা।
মানববন্ধনে দর্শন বিভাগের ৫২তম ব্যাচের শিক্ষার্থী মাহির রাইয়ান বলেন, ‘ধর্ষণচেষ্টার বিষয়ে যখন বিচার থেকে মোড় ঘুরে ভিসি বা প্রক্টরের দিকে চলে গেছে, তখন আসলে আমাদের ধারণা পরিবর্তন হয়ে যায় বারবার। সব থেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হলো প্রক্টর পরিবর্তন হলেই যে বিচার হবে সেই নিশ্চয়তা কিন্তু কেউ দিতে পারে না। আমাদের ভিসি স্যারের প্রতি যে আচরণ করা হয়েছে, তার আমরা তীব্র নিন্দা জানাই। আশা করছি ভবিষ্যতে ভিসি স্যারের প্রতি এমন কোনো আচরণ করা হবে না। আর আমরা এটা নিশ্চিত করতে পারব যে শিক্ষককে কিভাবে সম্মান দিতে হয়।’
দর্শন বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধনে সংহতি জানিয়ে অংশ নেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) কার্যকরী সদস্য মোহাম্মদ আলী চিশতী। তিনি বলেন, ‘আমরা দেখতে পেয়েছি জুলাইয়ের সম্মুখ সারির একজন যোদ্ধা, যিনি ক্যাম্পাসে জুলাইয়ের আগে থেকে আওয়ামী লীগের অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে সবচেয়ে বেশি আন্দোলন করেছেন, সেই ভিসি স্যারকে পর্যন্ত গতকাল ফ্যাসিস্ট আখ্যা দেওয়া হয়েছে। যেটা আমাদের বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীর জন্য এবং জুলাই আন্দোলনকারী সব স্টেকহোল্ডারের জন্য চরম লজ্জার এবং অপমানের। আমরা এর প্রতিবাদ জানাই।’
ছাত্রদলের প্রতিবাদ
এদিকে উপাচার্যকে ‘ফ্যাসিস্ট’ হিসেবে আখ্যায়িত করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। গতকাল শনিবার রাতে সংগঠনটির দপ্তর সম্পাদক আব্দুল্লাহ অন্তর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক অনাকাঙ্ক্ষিত ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার ঘটনায় ছাত্রদল গভীর উদ্বেগ প্রকাশ করছে। ছাত্রদল সব ধরনের যৌক্তিক আন্দোলনে শিক্ষার্থীদের পাশে দৃঢ়ভাবে অবস্থান করে। একই সঙ্গে তারা মনে করে, এ ধরনের জঘন্য অপরাধের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সচেতন শিক্ষার্থীদের সম্মিলিতভাবে কাজ করা জরুরি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, উক্ত ঘটনাকে কেন্দ্র করে ‘সাধারণ শিক্ষার্থীদের’ ব্যানারে পরিচালিত আন্দোলনের একপর্যায়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ‘ফ্যাসিস্ট’ বলে আখ্যায়িত করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক, অনভিপ্রেত ও নিন্দনীয়।