ছাত্রলীগের ঝটিকা মিছিল: কুমিল্লায় ২০৮ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা, ৪৮ জন কারাগারে
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিষিদ্ধ ছাত্রলীগের ব্যানারে ঝটিকা মিছিল ও সরকারবিরোধী স্লোগানের অভিযোগে ২০৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। মামলায় গ্রেপ্তার ৪৮ নেতা-কর্মীকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার বিকেলে কুমিল্লার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক এ আদেশ দেন।
এর আগে রোববার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার মাটিয়ারা এলাকায় ঝটিকা মিছিল থেকে ৪৫ জনকে আটক করে পুলিশ। এরপর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও তিনজনকে আটক করা হয়। ৪৮ জনের মধ্যে বেশ কয়েকজনের বয়স ১৮ বছরের নিচে বলে জানা গেছে। পুলিশের ভাষ্য, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা নিজেদের ছাত্রলীগের সক্রিয় নেতা-কর্মী হিসেবে পরিচয় দেন। তাঁদের দেওয়া তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে।
এ ঘটনায় সোমবার সকালে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার উপপরিদর্শক (এসআই) আহসান হাবীব বাদী হয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় ৪৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫০–১৬০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ছাত্রলীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ঝটিকা মিছিল করে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির কর্মকাণ্ডকে সমর্থন ও উৎসাহিত করার চেষ্টা করেছেন। মিছিলে সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয় এবং রাষ্ট্রের নিরাপত্তা ও জনশৃঙ্খলা বিঘ্নিত করার উদ্দেশ্যে উসকানিমূলক কার্যকলাপ চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়। কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. ইসরাফিল পিয়াস ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এহতেশামুল হক ভূঁইয়ার অর্থায়ন ও নির্দেশনায় আসামিরা মিছিলে অংশ নেন বলে তদন্তে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।
এ বিষয়ে জানতে আ ক ম বাহাউদ্দিন বাহার, মো. ইসরাফিল পিয়াস ও এহতেশামুল হক ভূঁইয়ার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তাঁরা ফোন ধরেননি।
কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রকিবুল ইসলাম বলেন, গ্রেপ্তার ৪৮ জনকে আজ আদালতে হাজির করা হলে বিচারক তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মামলার অন্য আসামিদের শনাক্ত করে গ্রেপ্তার করতে পুলিশের অভিযান চলছে।
রোববার বেলা দেড়টার দিকে কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের ব্যানারে একটি ঝটিকা মিছিল বের করা হয়। মিছিলে কয়েক শ নেতা-কর্মী অংশগ্রহণ করেন। এ সময় তাঁরা ‘শেখ হাসিনার ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে মিছিল শুরু হওয়ার কয়েক মিনিট পরেই সেখানে পৌঁছে তাঁদের ধাওয়া দেয় পুলিশ। এ সময় ৪৫ জন নেতা-কর্মীকে আটক করা হয়।