ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত
ঝিনাইদহে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে আরিফ হোসেন (১৭) ও সোহান আহমেদ (১৭) নামের দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইল নামের স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফ হোসেন সদর উপজেলার বিজয়পুর গ্রামের মিজানুর রহমানের ছেলে, আর সোহান আহমেদ একই গ্রামের শিপন আহমেদের ছেলে।
ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে পুলিশ কর্মকর্তা জাহানুর আলী জানান, আরিফ হোসেন ও সোহান আহমেদ নামের দুই কিশোর মোটরসাইকেলে তেল নিতে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে ঝিনাইদহ-মাগুরা সড়কের পাঁচমাইল এলাকায় পৌঁছালে মাহিন্দ্রা গাড়ির সঙ্গে মোটরসাইকেলটির ধাক্কা লাগলে তারা রাস্তায় ছিটকে পড়ে। এ সময় সামনের দিক থেকে আসা বালুবোঝাই একটি ট্রাক দুই কিশোরকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তারা মারা যায়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।