ফেসবুক পোস্টের কয়েক ঘণ্টা পর তরুণীর লাশ উদ্ধারের ঘটনায় যুবক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাতকড়া
প্রতীকী ছবি

ফেসবুকে পোস্ট দেওয়ার কয়েক ঘণ্টা পর বরিশাল নগরে শামসুন্নাহার ওরফে নিপা (২৫) নামের এক সংস্কৃতিকর্মীর লাশ উদ্ধারের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আমিরুল ইসলাম (২৯) নামের ওই যুবককে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে নরসিংদী থেকে গতকাল শুক্রবার গ্রেপ্তার করে বরিশাল কোতোয়ালি থানার পুলিশ।

আমিরুলের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার পূর্বহাটি গ্রামে। তিনি ওই গ্রামের আবুল কাশেমের ছেলে।

পুলিশ বলছে, নরসিংদীতে একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবী আমিরুলের সঙ্গে শামসুন্নাহারের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। এই সম্পর্কের জেরে শামসুন্নাহার আত্মহত্যা করেছেন।

বরিশাল নগরের উত্তর মল্লিক রোডে শামসুন্নাহার তাঁর ছোট বোনকে নিয়ে থাকতেন। ৩ আগস্ট ভোররাত চারটার দিকে শামসুন্নাহার তাঁর ফেসবুকে সবশেষ পোস্ট দেন। তিনি লেখেন, ‘সব প্রস্থান বিদায় নয়...।’ এর কয়েক ঘণ্টা পর পুলিশ তাঁর লাশ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে।

বরিশাল জেলা উদীচীর সম্পাদকমণ্ডলীর সদস্য ছিলেন শামসুন্নাহার। একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেন তিনি। আবৃত্তির সঙ্গেও যুক্ত ছিলেন। শামসুন্নাহারকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ এনে বরিশাল কোতোয়ালি মডেল থানায় মামলা করেন শামসুন্নাহারের ছোট বোন ডালিয়া আক্তার। মামলায় আমিরুলকে একমাত্র আসামি করা হয়।

মামলার এজাহারে বলা হয়, শামসুন্নাহার বিয়ের জন্য চাপ দিলে আমিরুল তা প্রত্যাখ্যান করেন। এতে ক্ষোভে-অভিমানে শামসুন্নাহার আত্মহত্যা করেন।

কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) লোকমান হোসেন আজ শনিবার দুপুরে আমিরুলকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন।