রাজশাহী জেলা পরিষদ নির্বাচন: আচরণবিধি মানতে মেয়রকে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজশাহী জেলার মানচিত্র

রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে একজন প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে এবং নির্বাচনী বিধিমালা মেনে চলতে সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামানকে চিঠি দেওয়া হয়েছে। বুধবার রাজশাহী জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা আবদুল জলিল ওই চিঠি দেন। মেয়র চিঠিটি হাতেও পেয়েছেন।

চিঠিতে বলা হয়েছে, ‘স্থানীয় পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে রিটার্নিং কর্মকর্তার কাছে প্রতীয়মান হয়েছে যে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে একজন প্রার্থীর পক্ষে নির্বাচনী কাজে অংশগ্রহণ করেছেন। যেহেতু জেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা ২০১৬–এর বিধি ২(১৪) অনুসারে, সরকারি সুবিধাভোগী অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বলতে প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, সরকারের মন্ত্রী, চিফ হুইপ, ডেপুটি স্পিকার, জাতীয় সংসদের বিরোধী দলের নেতা, সংসদ উপনেতা, বিরোধী দলের উপনেতা, প্রতিমন্ত্রী, হুইপ, উপমন্ত্রী বা তাঁদের সমমর্যাদার কোনো ব্যক্তি, সংসদ সদস্য এবং সিটি করপোরেশনের মেয়র অন্তর্ভুক্ত রয়েছেন, সে জন্য তাঁকে (মেয়রকে) জেলা পরিষদ নির্বাচনের আচরণবিধি যথাযথভাবে প্রতিপালনের জন্য অনুরোধ করা হয়েছে।’

এ বিষয়ে মেয়র এ এইচ এম খায়রুজ্জামান প্রথম আলোকে বলেন, তিনি এ রকম একটি চিঠি পেয়েছেন। চিঠিতে নির্বাচনী আচরণবিধি যথাযথ প্রতিপালনের জন্য অনুরোধ করা হয়েছে।

রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল। এ ছাড়া বিদ্রোহী প্রার্থী আখতারুজ্জামান ও স্বতন্ত্র প্রার্থী আফজাল হোসেন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনটি সংরক্ষিত নারী ওয়ার্ডে ১৭ জন ও ৯টি সাধারণ ওয়ার্ডে ২৯ প্রার্থী ভোটের মাঠে আছেন। ১৭ অক্টোবর রাজশাহী জেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ করা হবে।

এদিকে বিদ্রোহী প্রার্থী হাওয়ায় গত রোববার রাজশাহী জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক আখতারুজ্জামানকে দলের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।