সেলুনে দুই হাজার টাকার বিল দিয়ে ভোক্তা অধিকারে অভিযোগ, অতঃপর...

ফেসিয়ালের মূল্যতালিকা। আজ বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর শহরের সিপি হেয়ার জোন সেলুনেছবি: প্রথম আলো

চাঁদপুর শহরের ‘সিপি হেয়ার জোনে’ চুল কাটাতে ও শেভ করাতে গিয়েছিলেন ফারুক আহমেদ। সঙ্গে মুখ ও ঘাড়ে ফেসিয়ালও করান তিনি। সব মিলিয়ে সেলুন থেকে তাঁকে ২ হাজার ৫০০ টাকা বিল দেওয়া হয়। শেষ পর্যন্ত তিনি দুই হাজার টাকা পরিশোধ করে সেলুন থেকে বেরিয়ে যান। পরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে এ বিষয়ে অভিযোগ করেন।

ফারুক আহমেদের অভিযোগের ভিত্তিতে গতকাল বুধবার দুপুরে চাঁদপুর শহরের হাজী মুহসীন রোড এলাকায় সিপি হেয়ার জোনে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় সেলুনটির মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান এ জরিমানা করেন। একই সঙ্গে সেলুনমালিককে সব সেবার মূল্যতালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ভবিষ্যতে এ ধরনের অপরাধ না করার নির্দেশ দেওয়া হয়।

অভিযানে সেলুনে বিভিন্ন সেবার মূল্যতালিকা আছে কি না, থাকলে তা ভোক্তাদের দেখানো হচ্ছে কি না এবং নির্ধারিত মূল্যের বাইরে অতিরিক্ত অর্থ নেওয়া হচ্ছে কি না—এসব বিষয় যাচাই করা হয়। তবে সেলুনে কোনো মূল্যতালিকা টাঙানো অবস্থায় পাওয়া যায়নি। সেলুনে আসা গ্রাহকদের মূল্যতালিকা দেখানো হয় না বলে জানা গেছে। কেউ দেখতে চাইলে বের করে দেখানো হয়। তবে মূল্যতালিকা অনুযায়ী, ফারুক আহমেদের কাছ থেকে নেওয়া দুই হাজার টাকার হিসাব মেলেনি।

আজ বৃহস্পতিবার সরেজমিন দেখা যায়, ওই সেলুনের মূল্যতালিকায় ছেলেদের চুল কাটার খরচ লেখা রয়েছে ১০০ থেকে ১২০ টাকা, শেভ ১০০ টাকা, ফেসিয়াল ৫০ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৭২০ টাকা।

সেলুনের বিলের বিষয়টি অস্বাভাবিক মনে হওয়ায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করেন বলে জানান ফারুক আহমেদ।

চুল কাটা ও শেভ করার মূল্যতালিকা। আজ বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর শহরের হাজী মুহসীন রোড এলাকায় সিপি হেয়ার জোন সেলুনে
ছবি: প্রথম আলো

১ আগস্ট একজন গ্রাহকের কাছ থেকে চুল কাটা, শেভ ও মুখ-ঘাড়ে ফেসিয়ালের জন্য দুই হাজার টাকা নেওয়া হয়েছিল বলে প্রথম আলোকে জানান সিপি হেয়ার জোনের ব্যবস্থাপক বিজয় শীল। তিনি বলেন, এর মধ্যে ফেসিয়ালের জন্য ১ হাজার ৫০০ টাকা এবং চুল কাটা ও শেভের জন্য ৪০০ টাকা নেওয়া হয়। বাকি ১০০ টাকা ছিল টিপস। তাঁর দাবি, ফেসিয়ালের জন্য দামি ক্রিম ব্যবহার করা হয়েছিল। এ জন্য বিল হয়েছিল বেশি।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান বলেন, কোনো সেবার মূল্য আগে থেকে নির্ধারণ করে দৃশ্যমানভাবে প্রদর্শন না করে ভোক্তার কাছ থেকে ইচ্ছেমতো মূল্য নেওয়া ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে শাস্তিযোগ্য অপরাধ। অভিযোগের সত্যতা পাওয়ায় সেলুনের মালিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি সব সেবার মূল্যতালিকা প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।