চন্দনাইশে বিএনপি প্রার্থীর গাড়িবহরের ৬টি মাইক্রোবাস ভাঙচুর
চট্টগ্রাম-১৪ আসনের চন্দনাইশে বিএনপি প্রার্থী জসীম উদ্দীন আহমদের গাড়িবহরে দুই দফায় হামলা চালিয়ে ছয়টি মাইক্রোবাস ভাঙচুর করার অভিযোগ উঠেছে। গতকাল রোববার রাতে সাতবাড়িয়া বহরমপাড়া ও যতরকুল রাস্তার মাথা এলাকায় এ ঘটনা ঘটেছে।বিএনপি প্রার্থী জসিম উদ্দিন জানান, রাতে তিনিসহ স্থানীয় বিএনপির কিছু নেতা-কর্মী সাতবাড়িয়া এলাকায় এক ব্যক্তির পারিবারিক অনুষ্ঠানে অংশ নিতে গিয়েছিলেন। সেখান থেকে রাত ১১টার দিকে বাড়িতে ফেরার পথে তাঁর গাড়িবহরে দুই দফায় হামলা হয়। ৫০-৬০ ব্যক্তি হামলা করে গাড়িবহরের ছয়টি মাইক্রোবাস ভাঙচুর করেছেন। হামলায় ছয় থেকে সাতজন বিএনপি নেতা-কর্মী আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।
জসিম উদ্দীনের অভিযোগ, এলাকায় ধানের শীষের পক্ষে জোয়ার দেখে এলডিপি প্রার্থীর লোকজন তাঁর গাড়িবহরে হামলা করেছে। বিষয়টি তিনি পুলিশকে অবহিত করেছেন বলে প্রথম আলোকে জানান।
হামলার অভিযোগের বিষয়ে জানতে চাওয়া হয় চট্টগ্রাম-১৪ আসনের এলডিপির প্রার্থী ওমর ফারুকের কাছে। তিনি প্রথম আলোকে বলেন, ‘শুনেছি, গভীর রাতে টাকা বিতরণের সময় জনগণ তাঁদের ধাওয়া করেছে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও ধাওয়া দিয়েছে। নাটকের মতো ভাঙা গাড়ি থেকে নামার একটি ভিডিও ফেসবুকে দেখেছি।’
জানতে চাইলে চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াছ খান প্রথম আলোকে বলেন, রাতে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। এর আগে সেনাবাহিনীর একটি দলও ঘটনাস্থলে উপস্থিত হয়। হামলার বিষয়ে নানা কথা শোনা যাচ্ছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।