ফটিকছড়ি পৌর নির্বাচনে নৌকার প্রার্থীর হ্যাটট্রিক জয়
চট্টগ্রামের ফটিকছড়ি পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ইসমাইল হোসেন ১২ হাজার ৭৫ ভোট পেয়ে তৃতীয়বারের মতো জয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী মোবাইল প্রতীকের প্রার্থী উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি মিনহাজুল ইসলাম ৬ হাজার ৮৮৯ ভোট পেয়েছেন।
আজ বুধবার সন্ধ্যায় রিটার্নিং কর্মকর্তা কামরুল আলম বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। ইসমাইল হোসেন ২০১২ সালে ফটিকছড়ি পৌরসভার প্রথম মেয়র নির্বাচিত হন।
নির্বাচনে কাউন্সিল পদে ১ নম্বর ওয়ার্ডে রফিকুল আলম, ২ নম্বর ওয়ার্ডে রাকিব উদ্দীন, ৩ নম্বর ওয়ার্ডে হেলাল উদ্দীন, ৪ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ আবদুল্লাহ, ৫ নম্বর ওয়ার্ডে জহিরুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ডে জসিম উদ্দিন, ৭ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ এহসান, ৮ নম্বর ওয়ার্ডে গোলাপ মাওলা, ৯ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ হাসেম বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। এ ছাড়া সংরক্ষিত মহিলা কাউন্সিল পদে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে সেলিনা আকতার; ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে রোকেয়া বেগম এবং ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে ফিরোজা বেগম নির্বাচিত হন।
আজ সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট গ্রহণ করা হয়। উৎসবমুখর পরিবেশে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মধ্য দিয়ে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই ফটিকছড়ি পৌর নির্বাচন শেষ হয়। নির্বাচনে ভোট পড়েছে ৬৬ শতাংশ।