গাজীপুরে গণমাধ্যমকর্মীর ওপর হামলার মামলায় তরুণ গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের শ্রীপুরে গণমাধ্যমকর্মীর ওপর হামলার ঘটনায় করা মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর নাম আল আমিন (২৪)।
গতকাল রোববার দিবাগত রাত দুইটার দিকে শ্রীপুরের কাওরাইদ ইউনিয়নের তারকাটা বাজার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার আল আমিন উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামের আবদুল মতিনের ছেলে। পুলিশ জানিয়েছে, তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলা আছে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান প্রথম আলোকে বলেন, আল আমিনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
৭ ফেব্রুয়ারি বিকেলে তথ্য সংগ্রহের সময় এশিয়ান টেলিভিশনের গাজীপুর প্রতিনিধি আরিফ খানকে কুপিয়ে জখম করে একদল সন্ত্রাসী।
এ ঘটনায় থানায় মামলা করেন আহত ওই সাংবাদিক। এতে দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও তিনজনকে আসামি করা হয়।