পায়রা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে জাগরিত অর্থনীতি দেখতে পাচ্ছি: নৌ প্রতিমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘পায়রা বন্দর প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্নের প্রকল্প। দক্ষিণাঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নের লক্ষ্যে এ বন্দর নির্মাণের উদ্যোগ নেন তিনি। আমরা পায়রা বন্দর ঘিরে দক্ষিণাঞ্চলে জাগরিত অর্থনীতি দেখতে পাচ্ছি।’

সোমবার বেলা ১১টায় পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় অবস্থিত পায়রা বন্দরের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, রাবনাবাদ চ্যানেলে প্রাকৃতিক পানির গভীরতা ও জোয়ারের সহায়তায় আট মিটার নাব্যতায় বাণিজ্যিক জাহাজ চলাচল করতে পারবে, যা দেশের অন্য দুটি বন্দরের প্রায় সমান। বড় জাহাজ চলাচলের বাণিজ্যিক সুবিধার কথা বিবেচনা করে রাবনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ও মেইনটেন্যান্স ড্রেজিং প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এটি দেশের বৃহত্তম ড্রেজিং প্রকল্প। ২৭ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন।

পায়রা বন্দর কর্তৃপক্ষ জানায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে উপজেলার লালুয়া ইউনিয়নের চাড়িপাড়ায় নির্মাণাধীন প্রথম টার্মিনাল, আন্ধারমানিক নদের পায়রা বন্দরসংলগ্ন পয়েন্টে ১ দশমিক ১৮ কিলোমিটার দৈর্ঘ্যের চার লেনের সেতু ও ছয় লেনবিশিষ্ট সড়কের নির্মাণকাজের ভিত্তিফলক উন্মোচন করবেন। এ ছাড়া কার্গো অপারেশনের জন্য দুটি টাগ বোট, একটি বয়ালেয়িং ভেসেল, একটি সার্ভে বোট, দুটি নিরাপত্তা টহল জলযান ও দুটি পাইলট বোটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

পায়রা বন্দরের প্রথম টার্মিনাল, ৬ দশমিক ৩৫ কিলোমিটার দীর্ঘ ছয় লেনের সংযোগ সড়ক ও চার লেনের সেতু নির্মাণ সম্পন্ন হলে টার্মিনালের তিনটি জেটিতে একত্রে তিনটি বিদেশি কনটেইনার বা বাল্ক কার্গোবাহী জাহাজ এসে ভিড়তে পারবে। বন্দরের প্রথম টার্মিনাল নির্মাণে ব্যয় হবে ৪ হাজার ৫১৬ কোটি ৭৫ লাখ টাকা। ২০২৩ সালের ডিসেম্বর মাসের মধ্যে এর নির্মাণকাজ শেষ করে অপারেশনাল কার্যক্রম শুরু করা যাবে বলে পায়রা বন্দর কর্তৃপক্ষ সূত্র জানায়।

ছয় লেনের সংযোগ সড়কটি নির্মাণ করছে সড়ক ও জনপথ বিভাগ। এর প্রাক্কলন ব্যয় ধরা হয়েছে ৬৫৫ কোটি ৫০ লাখ টাকা। ২০২৩ সালের ডিসেম্বর মাসের মধ্যে এর কাজ শেষ হবে। পায়রা বন্দরের মালামাল পরিবহনের জন্য আন্দারমানিক নদের ওপর চার লেনের ১ হাজার ১৮০ মিটার দীর্ঘ সেতু নির্মাণে ব্যয় হবে ৭৪০ কোটি টাকা। এ কাজ সম্পন্ন হতে ৩০ মাস সময় লাগবে।

ইতিমধ্যে বন্দরে ২৩৬টি সমুদ্রগামী জাহাজ আসায় ৫৪৮ কোটি টাকা রাজস্ব আয় হয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী।

তিনি বলেন, পায়রা বন্দরের রাবনাবাদ চ্যানেলে ক্যাপিটাল ড্রেজিংয়ের ফলে বন্দর থেকে সাগরের মধ্যে ৭৫ কিলোমিটার দীর্ঘ, ১০০-১২৫ মিটার প্রশস্ত, ১০ দশমিক ৫ মিটার গভীরতার একটি চ্যানেল সৃষ্টি হবে। এর ফলে বন্দরে ৪০ হাজার টন কার্গো বা ৩ হাজার কনটেইনারবাহী জাহাজ ভেড়ানোর সক্ষমতা তৈরি হবে। ক্যাপিটাল ড্রেজিংয়ের জন্য ব্যয় হবে ৪ হাজার ৯৫০ কোটি টাকা। বেলজিয়ামভিত্তিক ড্রেজিং কোম্পানি জান ডি নাল কাজটি বাস্তবায়ন করছে। তা ছাড়া চার লেনের সেতু এবং প্রথম টার্মিনাল থেকে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের সঙ্গে ছয় লেনের সড়কটি পায়রা বন্দর থেকে সহজে ও দ্রুততম সময়ে পণ্য পরিবহন নিশ্চিত করবে। এসব উন্নয়নকাজের ফলে বন্দরটি পরিপূর্ণ সক্ষমতার সঙ্গে কাজ করতে পারবে এবং দেশের বৈদেশিক বাণিজ্যে নতুন মাত্রা যোগ করবে।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য মো. মহিব্বুর রহমান, পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম সোহায়েল, নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মো. রফিকুল ইসলাম খান, সদস্য (হারবার অ্যান্ড মেরিন) কমোডর এম মামুনুর রশিদ, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) কমোডর রাজিব ত্রিপুরা, পরিচালক (প্রশাসন) কাজী ফারুক আহমেদ, হারবার মাস্টার ক্যাপ্টেন এস এম শরিফুর রহমান, উপপরিচালক (ট্রাফিক) মো. আজিজুর রহমান প্রমুখ।