খুলনায় বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ, আওয়ামী লীগের বিরুদ্ধে অভিযোগ
খুলনায় বিএনপিদলীয় কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে নগরের খালিশপুর বৈকালি এলাকায় ১৪ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে। বিএনপির নেতা-কর্মীদের অভিযোগ, আওয়ামী লীগের লোকজন এ ঘটনা ঘটিয়েছেন, তবে আওয়ামী লীগের পক্ষ থেকে এ অভিযোগ অস্বীকার করা হয়েছে।
স্থানীয় লোকজন ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকেই ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয়ে নেতা-কর্মীদের যাতায়াত ছিল। আওয়ামী লীগ কার্যালয়ের বিপরীত পাশে বিএনপির ওয়ার্ড কার্যালয়। বেলা সাড়ে ১১টার পর একদল লোক এসে ভাঙচুর করেন। কার্যালয়ের টিনের বেড়া আর সামনে থাকা প্যানা-ব্যানার ভাঙচুর করেন। চেয়ার-টেবিল ভেঙে আগুন লাগিয়ে দেন। প্রায় আধা ঘণ্টা পর ফায়ার সার্ভিসের একটা ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।
খালিশপুর থানা বিএনপির সদস্যসচিব মো. হাবিবুর রহমান বিশ্বাস প্রথম আলোকে বলেন, আওয়ামী সন্ত্রাসীরা ১৪ নম্বর ওয়ার্ড কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছেন। এর আগে গতকাল শনিবার রাতে কার্যালয়ের পাশে থাকা দলীয় প্যানা–ব্যানার নষ্ট করেছেন তাঁরা। ভাঙচুর ও অগ্নিসংযোগের সময় কার্যালয়ে দলীয় নেতা-কর্মীরা কেউ ছিলেন না। কার্যালয়ের আশপাশে সকাল থেকে কিছু নেতা-কর্মী ছিলেন। ঘটনার পরপর নিরাপত্তাজনিত কারণে তাঁরা সেখান থেকে সরে যান।
থানা বিএনপির সদস্যসচিব ক্ষোভ প্রকাশ করে বলেন, আওয়ামী লীগ মুখে গণতন্ত্রের কথা বলে, অথচ দেশের অন্যতম বড় একটা দলের কার্যালয় পুড়িয়ে দেয় তারা। এ ঘটনার তীব্র নিন্দা জানান তিনি।
অভিযোগের বিষয়ে ১৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাহজাহান জমাদ্দার বলেন, দলের শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি ছিল। তিনি বেলা ১১টা পর্যন্ত দলীয় কার্যালয়ে ছিলেন। বের হয়ে আসার কিছুক্ষণ পর ফোন করে দলীয় কর্মীরা বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা জানান। তবে কারা এটা করেছেন, তাঁর ওয়ার্ডের কর্মীরা তা বলতে পারেননি। বিএনপির ওয়ার্ড কার্যালয়টি তাদের কার্যালয়ের পাশেই। তবে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি তাঁকে জানিয়েছেন, আওয়ামী লীগের একজন কর্মীও দলীয় কার্যালয়ের বাইরে যাননি। এটা সিসিটিভি ফুটেজ দেখলেই বোঝা যাবে।
খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, কিছু দুর্বৃত্ত ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে। টেবিল ও চেয়ার পুড়ে গেছে। কার্যালয়ের বেড়া ভাঙচুর করেছে। কারা এটা করেছে, এখন পর্যন্ত পুলিশ তা শনাক্ত করতে পারেনি। তবে দুর্বৃত্তদের আটকের জন্য মাঠে কাজ করছে তারা। অপরাধীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।