দ্বিতীয় স্ত্রীর মামলা থেকে মুক্তি পাওয়ার পর জেলগেট থেকে বৃদ্ধ নিখোঁজ ​

নিখোঁজ আব্দুল মান্নানছবি: সংগৃহীত

​চুয়াডাঙ্গা জেলা কারাগার থেকে মুক্তি পাওয়ার পর ফটক থেকেই নিখোঁজ হয়েছেন মো. আবদুল মান্নান (৭০) নামের এক বৃদ্ধ। ১৫ মার্চ ভোরে এ ঘটনা ঘটে। নিখোঁজ হওয়ার তিন দিন পর চুয়াডাঙ্গা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে তাঁর পরিবার। তবে বিষয়টি জানাজানি হয়েছে আরও পরে।

​নিখোঁজ আবদুল মান্নান মেহেরপুর সদর উপজেলার কাঁসারীপাড়ার বাসিন্দা। ​পরিবার ও জিডি সূত্রে জানা গেছে, দ্বিতীয় স্ত্রীর করা মামলা থেকে ১৫ মার্চ ভোর ৫টা ২০ মিনিটে চুয়াডাঙ্গা জেলা কারাগার থেকে মুক্তি পান আবদুল মান্নান। জেল থেকে বের হওয়ার পর থেকেই তাঁর আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যরা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।

​নিখোঁজ বৃদ্ধের ছেলে আসিফ হাসান প্রথম আলোকে বলেন, তাঁর বাবা স্ট্রোকের রোগী এবং বর্তমানে তিনি মানসিকভাবে কিছুটা ভারসাম্যহীন। এক চোখে দেখেন না। নিখোঁজের সময় বাবার পরনে ছিল পায়জামা ও গেঞ্জি। বাবার সন্ধান পেতে তিনি প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।

এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, নিখোঁজ ব্যক্তির ছেলে থানায় এসে জিডি করেছেন। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে থানার একজন উপপরিদর্শককে দায়িত্ব দেওয়া হয়েছে। ​কেউ ওই বৃদ্ধের সন্ধান পেয়ে থাকলে চুয়াডাঙ্গা সদর থানায় অথবা পরিবারের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।