সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পুলিশের, মহাসড়কে পড়ে ছিল লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সবুজ আহমেদ ছিলেন ডেমরা থানার উপপরিদর্শক। ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

নরসিংদীর শিবপুর উপজেলায় সড়ক দুর্ঘটনায় এক উপপরিদর্শক (এসআই) নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কারারচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় এক ব্যক্তি তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।

নিহত সবুজ আহমেদ (৩০) ঢাকার ডেমরা থানার এসআই ছিলেন। তাঁর বাড়ি নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের খামারেরচর এলাকায়। সবুজ আহমেদের মৃত্যুর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুক মোল্লা।

হাইওয়ে পুলিশ ও নিহত পুলিশ সদস্যের স্বজনেরা জানান, আজ সকালে ডেমরা থানা থেকে বেরিয়ে সবুজ আহমেদ মোটরসাইকেলে খামারেরচর এলাকার নিজ বাড়িতে যাচ্ছিলেন। সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কারারচর এলাকায় পৌঁছার পর বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত গাড়ির সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেলটি থেকে তিনি ছিটকে মহাসড়কে পড়ে যান। এতে মাথাসহ শরীরের বিভিন্ন জায়গায় আঘাত পান তিনি।

দুর্ঘটনার পরপরই অজ্ঞাত গাড়িটি সবুজ আহমেদকে ওই অবস্থায় ফেলে পালিয়ে যায়। প্রায় এক ঘণ্টা ধরে তিনি ওই নির্জন মহাসড়কে এভাবেই পড়ে ছিলেন। পরে স্থানীয় এক ব্যক্তি তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তির স্বজন আমিনুল হক বলেন, উপপরিদর্শক সবুজ আহমেদ তাঁর ভাগনিজামাই ছিলেন। তাঁর এক বছর বয়সী একটি মেয়ে আছে। লাশ বাড়িতে আনার প্রস্তুতি চলছে।

দুর্ঘটনার খবর শুনে ঘটনাস্থলে গিয়ে মোটরসাইকেলটি উদ্ধার করেছে বলে জানিয়েছেন ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নূর হায়দার তালুকদার। তিনি বলেন, মোটরসাইকেলটি ফাঁড়িতে এনে রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে দুর্ঘটনার শিকার ওই এসআইকে ঢাকায় নেওয়া হয়েছে।

ডেমরা থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুক মোল্লা বলেন, এসআই সবুজের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা আছে। ময়নাতদন্ত ছাড়াই তাঁর লাশ হস্তান্তরের জন্য আবেদন করা হয়েছে। আবেদন মঞ্জুর হলে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।