পঞ্চগড় সীমান্তে পাঁচ বাংলাদেশি নারীকে হস্তান্তর করল বিএসএফ
পঞ্চগড়ের বাংলাবান্ধা সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে পাঁচ বাংলাদেশি নারীকে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আজ বৃহস্পতিবার দুপুরে তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা সীমান্তের শূন্যরেখায় কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠকের পর ভারতে আটক ওই পাঁচ নারীকে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ।
পতাকা বৈঠকে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের বাংলাবান্ধা বিওপির কোম্পানি কমান্ডার সুবেদার মো. শফিকুল ইসলাম এবং ভারতের ১৮ বিএসএফ ব্যাটালিয়নের ফুলবাড়ী বিএসএফ ক্যাম্পের কমান্ডার আরভিন্দ পাঠানিয়া নেতৃত্ব দেন।
বিজিবি জানায়, হস্তান্তর করা নারীরা ঢাকা, সাতক্ষীরা, মাগুরা ও বাগেরহাট জেলার বাসিন্দা। তাঁরা প্রায় এক বছর আগে অবৈধ পথে ভারতে গিয়েছিলেন। সেখানে তাঁরা বিভিন্ন বাসাবাড়ি ও বিউটি পারলারে কাজ করতেন। গত ১৬ মে ভারতের গুজরাট এলাকা থেকে তাঁদের আটক করে ভারতীয় পুলিশ। পরে তাঁদের ভারতের মহারাষ্ট্রে একটি আশ্রয়কেন্দ্রে রাখা হয়। সেখান থেকে ১৭ আগস্ট ট্রেনযোগে শিলিগুড়িতে আনা হয়। সর্বশেষ আজ বৃহস্পতিবার ভারতের ফুলবাড়ী ও বাংলাদেশের বাংলাবান্ধা শূন্যরেখা দিয়ে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবির কাছে তাঁদের হস্তান্তর করেছে বিএসএফ।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মনিরুল ইসলাম বলেন, ওই পাঁচ নারীকে তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সেখানে সাধারণ ডায়েরি (জিডি) করার পর পুলিশের মাধ্যমে তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
তেঁতুলিয়া মডেল থানার পরিদর্শক (তদন্ত) নজির হোসেন বলেন, ওই পাঁচ নারীকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও বিজিবির উপস্থিতিতে তাঁদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।