ময়মনসিংহে নদে পানির গভীরতা মাপতে গিয়ে নিখোঁজ পাউবোর কর্মী

ময়মনসিংহের ফুলপুরে পানির গভীরতা পরিমাপ করতে গিয়ে পানি উন্নয়ন বোর্ডের নিখোঁজ ব্যক্তির সন্ধানে কাজ করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। আজ দুপুরেছবি: প্রথম আলো

ময়মনসিংহের ফুলপুরে কংস নদের পানির গভীরতা পরিমাপ করতে গিয়ে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) এক কর্মী নিখোঁজ হয়েছেন। আজ সোমবার সকাল সাতটা থেকে নিখোঁজ হন রয়েছেন আবদুল হালিম (৫৮) নামের ওই কর্মী। আজ বেলা সাড়ে তিনটা পর্যন্ত ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজ ব্যক্তিকে উদ্ধার করতে পারেনি।

পাউবো ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, ফুলপুর উপজেলার ফুলপুর ইউনিয়নের ঠাকুরবাহাই গ্রামের বাসিন্দা আবদুল হালিম ওরফে রুপচান তালুকদার পাউবোতে মাস্টাররোলে ডেপথ রিডার হিসেবে কাজ করেন। আজ সকাল সাতটার দিকে বাড়ির পাশের কংস নদের পানির গভীরতা গত রাতে কতটুকু বৃদ্ধি পেয়েছে, তা পরিমাপ করতে যান। কিন্তু নদের তীব্র স্রোতে তিনি তলিয়ে যান।

খবর পেয়ে সকাল ৯টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করে। কিন্তু তাঁর সন্ধান মিলছে না। ফুলপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. লুৎফুর রহমান বলেন, ‘নদে তীব্র স্রোত থাকায় উদ্ধারকাজে বেগ পেতে হচ্ছে। আমরা সকাল ৯টা থেকে কাজ করছি, কিন্তু এখনো সন্ধান মেলেনি।’

পাউবো ময়মনসিংহের নির্বাহী প্রকৌশলী শামীম হাসনাইন মাহমুদ জানান, ‘নিখোঁজ আবদুল হালিম মাস্টাররোলের ভিত্তিতে পানির গভীরতা মাপার কাজ করতেন। হাইড্রোলজি বিভাগের নিয়ন্ত্রণে নদীর পানির গভীরতা মাপার কাজ করতেন। আজ দুপুরে নিখোঁজ হওয়ার বিষয়টি আমরা জানতে পেরেছি। বিষয়টি সংশ্লিষ্ট বিভাগ দেখছে।’