বকেয়া পরিশোধসহ চার দফা দাবিতে ইউনিয়ন কার্যালয় ঘেরাও চা-শ্রমিকদের
বকেয়া মজুরি পরিশোধ, নতুন চুক্তি, মেয়াদোত্তীর্ণ কমিটির অপসারণসহ চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয় ঘেরাও করেছেন সাধারণ চা-শ্রমিকদের একাংশ। আজ রোববার দুপুরে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের প্রবেশদ্বারে ‘সাধারণ চা-শ্রমিকবৃন্দ’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় ১৫ জানুয়ারির মধ্যে চা শ্রমিক ইউনিয়নের নির্বাচনের প্রস্তুতি না হলে চা শ্রমিক ইউনিয়নের কার্যালয় দখল করে কঠিন আন্দোলনে যাওয়ার ঘোষণাও দেন তাঁরা।
শ্রীমঙ্গল শহরের ডাকবাংলো পুকুরপাড় এলাকায় বিভিন্ন চা-বাগান থেকে শ্রমিকেরা এসে বিক্ষোভ মিছিল করে চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যান। পরে শ্রমিকদের একটি প্রতিনিধিদল কার্যালয়ের ভেতরে গিয়ে চা শ্রমিক ইউনিয়নের সভাপতির কাছে স্মারকলিপি পেশ করেন। এ সময় কার্যালয়টি ঘেরাও করে স্লোগান দিতে থাকেন শ্রমিকেরা। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এ আন্দোলনে নেতৃত্বে থাকা রাজঘাট ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও চা-শ্রমিক নেতা সেলিম আহমেদ বলেন, ‘চা শ্রমিক ইউনিয়নের কমিটি মেয়াদোত্তীর্ণ হয়েছে অনেক দিন। কিন্তু এখানে নির্বাচন হচ্ছে না। অনির্বাচিত ব্যক্তিরা চা শ্রমিক ইউনিয়নের দায়িত্ব জোর করে নিয়ে রেখেছে। আমরা বারবার নির্বাচনের দাবি জানিয়ে আসছি, কিন্তু নির্বাচন তারা দিচ্ছে না। নির্বাচনসহ বিভিন্ন দাবিতে আমরা চা শ্রমিক ইউনিয়ন ঘেরাও করে আলটিমেটাম দিয়েছি। ১৫ জানুয়ারির মধ্যে যদি তারা (বর্তমান কমিটি) দায়িত্ব না ছাড়ে, যদি হিসাব না দেয়, তাহলে আমরা সারা বাংলাদেশে চা-বাগান বন্ধ রাখব। আমাদের শ্রমিক চাঁদা বন্ধ থাকবে, আমরা এই কেন্দ্রীয় কার্যালয়ে সবাই অবস্থান নেব।’
সেলিম আহমেদ আরও বলেন, ‘দীর্ঘ আন্দোলনের ফলে ১২০ টাকা থেকে ১৭০ টাকা মজুরি বৃদ্ধি হলেও আমাদের ১৯ মাসের মজুরি এখনো বকেয়া আছে। শ্রমিক ইউনিয়ন সেটা আদায় করতে ব্যর্থ হয়েছে। আমরা আজ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির কাছে নির্বাচনসহ বিভিন্ন দাবিতে স্মারকলিপি দিয়েছি।’
২০১৮ সালের জুনে চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। নিয়ম অনুযায়ী, তিন বছর পরপর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।
এ বিষয়ে চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা বলেন, কমিটি মেয়াদোত্তীর্ণ হওয়ার তিন মাস আগেই বিভাগীয় শ্রম দপ্তরে চিঠি দেওয়া হয়েছে নির্বাচনের জন্য। এখানে নির্বাচনের টাকা বরাদ্দ করতে গিয়ে অনেক সময় চলে গেছে। তারাও নির্বাচন চায়। নির্বাচনের জন্য তিন সদস্যবিশিষ্ট কমিটি হবে। বিভাগীয় শ্রম দপ্তরের পরিচালককে প্রধান করে সিলেট ও চট্টগ্রামের ডিডিএলকে নিয়ে কমিটি হবে। হাইকোর্ট থেকে একটি চিঠি দেওয়া হয়েছে, যতক্ষণ পর্যন্ত নির্বাচন হবে না, ততক্ষণ পর্যন্ত নির্বাচিত কমিটি বহাল থাকবে। নির্বাচন শেষ হলে নতুন নির্বাচিত ব্যক্তিদের মধ্যে ক্ষমতা হস্তান্তর করা হবে। এরই মধ্যে কয়েকজন মিলে আজ চা শ্রমিক ইউনিয়ন কার্যালয় ঘেরাও করে গালাগাল করেছেন। আজ প্রশাসন যদি না থাকত, তাহলে তাঁরা হামলা চালাতেন। শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে এর তীব্র নিন্দা জানাচ্ছেন বিজয় হাজরা।
চা শ্রমিক ইউনিয়ন কার্যালয় সূত্রে জানা যায়, ২০১৮ সালের জুনে চা শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। নিয়ম অনুযায়ী, তিন বছর পরপর নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা।
নির্বাচনের ব্যাপারে জানতে সিলেট বিভাগীয় শ্রম অধিদপ্তরের উপপরিচালক নাহিদুল ইসলামের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ধরেননি।