নরসিংদীতে ফ্লাইওভার থেকে ছিটকে পড়ে মোটরসাইকেল আরোহী নিহত
নরসিংদীর মনোহরদী উপজেলায় ফ্লাইওভার থেকে ছিটকে পড়ে মোটরসাইকেল আরোহী এক তরুণ নিহত হয়েছেন। গতকাল সোমবার সন্ধ্যার পর উপজেলার চন্দনবাড়ির হেতিমদী ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তরুণের নাম জিমেল মিয়া (২০)। তিনি মনোহরদী উপজেলার বড়চাপা ইউনিয়নের জামালপুর গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যার পর দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে হেতিমদী ফ্লাইওভার অতিক্রম করছিলেন জিমেল। একপর্যায়ে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর মোটরসাইকেলটি ফ্লাইওভারের রেলিংয়ে সজোরে ধাক্কা খায়। এতে তিনি ফ্লাইওভার থেকে ছিটকে নিচে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয় লোকজন দ্রুত জিমেলকে উদ্ধার করে মনোহরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে নেওয়ার পথেই তাঁর মৃত্যু হয়। হাসপাতালে পৌঁছানোর পর জরুরি বিভাগের চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা বলেন, ফ্লাইওভারে অত্যন্ত দ্রুতগতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে রেলিংয়ে ধাক্কা লেগে নিচে পড়ে যান ওই তরুণ। হাসপাতালে নেওয়ার আগেই তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।