পাকুন্দিয়ার ৭ ভাইয়ের একসঙ্গে ওমরাহ পালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকুন্দিয়ার মৃত আবদুল বারীর সাত ছেলে একসঙ্গে ওমরাহ পালন করেছেন
ছবি: সংগৃহীত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় একসঙ্গে সাত ভাই পবিত্র ওমরাহ পালন করেছেন। এ নিয়ে এলাকায় বেশ ইতিবাচক আলোচনা হচ্ছে। পাশাপাশি মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছে সাত ভাইয়ের বন্ধনের প্রশংসা।

জানা গেছে, ওই সাত ভাই উপজেলার চণ্ডীপাশা ইউনিয়নের ঘাগড়া গ্রামের মৃত মাওলানা আবদুল বারীর দুই স্ত্রীর সন্তান। তাঁদের আরও ছয় বোন আছে। বর্তমানে ২ মা ও ১৩ ভাইবোনের পরিবারে সব মিলিয়ে ৬৭ সদস্য। ২০১২ সালে আবদুল বারী মারা গেলেও তাঁর রেখে যাওয়া দুই স্ত্রীর সন্তানদের মধ্যে এখনো বন্ধন অটুট আছে।

একসঙ্গে ওমরাহ সম্পন্ন করা সাত ভাই হলেন আবদুল বারীর বড় স্ত্রী হালিমা খাতুনের সন্তান শিব্বির আহমেদ সোবহানী, ফরিদ আহমদ সোবহানী, ছহুল আহমদ সোবহানী ও হাসান আহমেদ সোবহানী এবং ছোট স্ত্রী হামিদা খাতুনের সন্তান মোস্তাক আহমদ সোবহানী, শফিক আহমদ সোবহানী ও রফিক আহমদ সোবহানী।

এর মধ্যে শিব্বির আহমদ পাকুন্দিয়ার পুলেরঘাটে অবস্থিত কিশোরগঞ্জ ইকোনমিক জোন জামে মসজিদের খতিব, ফরিদ আহমদ ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক, ছহুল আহমদ স্থানীয় পুলেরঘাট বাজারের সোবহানী ট্রেডার্সের মালিক, হাসান আহমদ হাজী এম এ কালাম সরকারি ডিগ্রি কলেজের প্রভাষক, মোস্তাক আহমদ বাংলাদেশ টেলিভিশনে জনপদ বিভাগের সমন্বয়ক, শফিক আহমদ আবুল খায়ের গ্রুপের কর্মকর্তা ও রফিক আহমদ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক।

সম্প্রতি ফরিদ আহমদ তাঁর ফেসবুক আইডি থেকে সাত ভাইয়ের একসঙ্গে ওমরাহ পালনের বিষয়ে ছবিসহ একটি পোস্ট দিয়েছেন। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমরা সাত ভাই (7-Sobhani) একত্রে পবিত্র ওমরাহ সম্পন্ন করলাম। মহান আল্লাহ আমাদের প্রত্যেকের নেক আমলসমূহ কবুল করুন।’

২০১২ সালে আবদুল বারী মারা গেলেও তাঁর রেখে যাওয়া দুই স্ত্রীর সন্তানদের মধ্যে এখনো বন্ধন অটুট
ছবি: সংগৃহীত

ফরিদ আহমদের জামাতা আনোয়ার রোজেন বলেন, ১১ জানুয়ারি আবদুল বারীর সাত ছেলে দুই মায়ের কাছ থেকে দোয়া নিয়ে ওমরাহ পালনের জন্য বাড়ি থেকে বের হন। ১৫ জানুয়ারি রাত আটটায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাঁরা সৌদি আরবের উদ্দেশে যাত্রা করেন। বর্তমানে তাঁরা ওমরাহ পালন শেষে সৌদি আরবে অবস্থান করছেন। ওমরাহ পালনের পর তাঁরা সাত ভাই মিলে পবিত্র মক্কা ও মদিনার ঐতিহাসিক ও দর্শনীয় স্থানগুলো পরিদর্শন করবেন।

স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, আবদুল বারী স্থানীয় একটি আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ ছিলেন। তিনি মানুষ হিসেবে খুব ভালো ছিলেন। আবদুল বারীর অর্থবিত্ত না থাকলেও তিনি ছেলেমেয়েদের সবাইকে উচ্চশিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করেছেন। তাঁরা সবাই এখন প্রতিষ্ঠিত।

১৩ ভাইবোনের মধ্যে এমন সম্পর্ক বর্তমান সমাজে বিরল ও ঈর্ষণীয় বলে মনে করেন রফিকুল ইসলাম। তিনি বলেন, ‘তাঁরা যখন একসঙ্গে বাড়িতে এসে আড্ডা দেন, তখন বোঝার উপায় থাকে না যে তাঁরা দুই মায়ের সন্তান। বর্তমান সমাজে যেখানে আপন দুই ভাইয়ের মধ্যেই সম্পর্ক ভালো থাকে না, সেখানে সৎ ভাইবোনের মধ্যে এমন বন্ধন সত্যিই বর্তমান সমাজে বিরল ও ঈর্ষণীয়। তাঁদের বাবা মারা যাওয়ার পর ১১ বছরেও তাঁদের সম্পর্কে একটুও চিড় ধরেনি। সাত ভাই মিলে বাবার নামে একটি ট্রাস্ট গঠন করে বিভিন্ন সমাজসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছেন।’

চণ্ডীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শামসুদ্দিন বলেন, মাওলানা আবদুল বারী সাহেবের পরিবার পাকুন্দিয়ার একটি প্রতিষ্ঠিত পরিবার। এই পরিবারের সব সদস্যই সরকারি-বেসরকারি চাকরিতে উচ্চপদে আছেন। তাঁদের পারিবারিক বন্ধনও এলাকার সব মহলে সমাদৃত।