পুলিশ পাহারায় রাউজান ছাড়লেন বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা
চট্টগ্রামের রাউজান উপজেলার বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা জয়িতা বসু খামারিদের বিক্ষোভের মুখে পুলিশ পাহারায় তাঁর আগের কর্মস্থল ছেড়েছেন। আজ বুধবার বিকেলে তিনি রাউজান ত্যাগ করেন। এর আগে উপজেলা সদরের প্রাণী হাসপাতালের সামনে চট্টগ্রাম-রাঙামাটি সড়কে অবস্থান নিয়ে তাঁর বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের সুষ্ঠু তদন্তের দাবিতে বিক্ষোভ করেন খামারিরা।
বিক্ষোভ কর্মসূচিতে খামারিরা অভিযোগ করেন বলেন, তিনি যোগদানের পর থেকে নানা অনিয়ম করেছেন বলে খামারিদের অভিযোগ। মানববন্ধনে খামারিদের মধ্যে বক্তব্য দেন মোহাম্মদ আসিফ, মনছুরুল হাসান চৌধুরী, মুহাম্মদ সালাউদ্দিন, মুহাম্মদ আলমগীর, রত্না মুহুরী ও মোহাম্মদ আলী আকবর।
এদিকে ঘটনাটি সম্পর্কে জানতে প্রাণিসম্পদ কর্মকর্তা জয়িতা বসুর নম্বরে একাধিকবার ফোন করলেও তিনি ফোন ধরেননি। তবে এর আগে তিনি দাবি করেছিলেন তিনি কোনো অনিয়ম–দুর্নীতির সঙ্গে জড়িত নন। বিশেষ সুবিধা না পাওয়ায় কিছু খামারি তাঁর বিরুদ্ধে লেগেছিলেন।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, বিদায়ী প্রাণিসম্পদ কর্মকর্তা ফোন করে রাউজান ছাড়ার সময় পুলিশের সহায়তা চান। এ জন্য তাঁকে পুলিশ পাঠিয়ে সহযোগিতা করা হয়।
রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রাহাতুল ইসলাম প্রথম আলোকে বলেন, জয়িতা বসুর বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তোলেন কিছু খামারি। তাঁর বদলি নিয়ম মাফিক হয়েছে।