কারখানায় দুই ঘণ্টার আগুনে পুড়ল তুলা, সুতা ও মেশিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগুনে পুড়ে গেছে সুতা তৈরি কারখানার মালামাল ও যন্ত্রপাতি। বুধবার দুপুরে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় জমজম স্পিনিং মিলস লিমিটেডে
ছবি: প্রথম আলো

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় একটি সুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ বুধবার বেলা পৌনে একটার দিকে কারখানার ব্লোয়ার মেশিন থেকে এ আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে পুড়েছে তুলা, উৎপাদিত সুতা এবং কিছু মেশিন।

ফায়ার সার্ভিস স্টেশন ও কারখানা কর্তৃপক্ষ জানায়, উপজেলার সফিপুর পশ্চিমপাড়া এলাকায় জমজম স্পিনিং মিলস লিমিটেড কারখানার মূল ভবনের পাশে আধা পাকা একটি শেডে তুলার গুদাম ও ব্লোয়ার মেশিন রয়েছে। বেলা পৌনে একটার দিকে ব্লোয়ার মেশিনে আগুনের স্ফুলিঙ্গ বের হয়ে আগুন ধরে। পরে আগুন ওই ফ্লোরের ওপরে সিলিংয়ের মধ্যে ছড়িয়ে পড়ে। একপর্যায়ে আগুন সেখানে রাখা সুতা ও তুলার মধ্যে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক ধোঁয়ার সৃষ্টি হয়। আগুনের ধোঁয়ায় কারখানা অন্ধকারাচ্ছন্ন হয়ে পড়ে। প্রথমে কারখানার শ্রমিকেরা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন।

আগুনে কারখানার বিভিন্ন মেশিন, আসবাব, লাইটিং, তুলাসহ মালামাল পুড়ে গেছে। এদিকে কারখানায় আগুন লাগার খবর শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়লে শ্রমিকেরা হুড়োহুড়ি করে কারখানা থেকে বের হয়ে যান। আতঙ্কে বন্ধ করে দেওয়া হয় আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠান।

খবর পেয়ে গাজীপুর, কালিয়াকৈর, কাশিমপুর, সাভারের ইপিজেড এলাকার ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় বেলা পৌনে তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে কারখানায় থাকা তুলা, সুতাসহ মালামাল পুড়ে গেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

কারখানার শ্রমিক আফজাল হোসেন বলেন, ‘কারখানায় কাজ করছিলাম, হঠাৎ ব্লো রুমের ধোঁয়া উড়তে থাকে। একপর্যায়ে তা ওই ফ্লোরে ছড়িয়ে পড়ে তা তুলার মধ্যে লেগে যায়। প্রথমে আমরা শ্রমিকেরা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হই।’

কারখানার মেকানিক্যাল বিভাগের ব্যবস্থাপক চান মিয়া বলেন, কারখানার ব্লোয়ার মেশিনের ওপরে সিলিংয়ে লাইটিংয়ের মধ্যে আগুনের ধোঁয়া দেখা যায়। পরে আগুন মুহূর্তের মধ্যে কারখানার ওই সেকশনের পুরো ফ্লোরে ছড়িয়ে পড়ে পাশের গুদামে তুলার মধ্যে লেগে যায়। আগুনে কারখানার তুলা, ব্লো রুমের মেশিনসহ মালামাল পুড়ে নষ্ট হয়ে গেছে।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আবদুল্লাহ আল আরেফিন বলেন, আগুনের চেয়ে ধোঁয়া বেশি ছড়িয়ে পড়ায় আগুন নেভাতে একটু সময় লেগেছে। তবে দ্রুততম সময়ে আগুন নিয়ন্ত্রণ করা গেছে। তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব হয়নি।