সিলেটে লেগুনায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা
সিলেট মহানগরের শাহপরান থানাধীন দাসপাড়া এলাকায় একটি লেগুনায় আগুন দেওয়া হয়েছে। আজ বুধবার রাত সাড়ে আটটার দিকে এ ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
থানা-পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একটি যাত্রীবাহী লেগুনা সিলেট শহরের দিকে আসছিল। এ সময় ১৫–২০ জন দুর্বৃত্তের একটি দল এসে গাড়িটি ভাঙচুর চালায়। আতঙ্কিত হয়ে যাত্রীরা নেমে গেলে সেখানে দুর্বৃত্তরা আগুন দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে। কিন্তু ততক্ষণে গাড়িটি পুড়ে যায়।
সিলেট মহানগর পুলিশের উপকমিশনার মো. আজবাহার আলী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। তবে দুর্বৃত্তরা পালিয়ে গেছে। কারা আগুন দিয়েছে, তা জানার চেষ্টা করছে পুলিশ।
এর আগে জিন্দাবাজার এলাকায় সন্ধ্যা সোয়া ছয়টার দিকে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা মশালমিছিল করেন। এ সময় পুলিশ মুহুর্মুহু ফাঁকা গুলি ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। পথচারীরা আতঙ্কিত হয়ে দিগ্বিদিক ছোটাছুটি করতে থাকেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যা সোয়া ছয়টার দিকে সিলেট মহানগর বিএনপির সাবেক সদস্যসচিব মিফতা সিদ্দিকীর নেতৃত্বে অবরোধের সমর্থনে মশালমিছিল বের করা হয়। নগরের বারুতখানা এলাকা থেকে মিছিলটি জিন্দাবাজার মোড়ে গিয়ে শেষ করেন নেতা-কর্মীরা। এ সময় তাঁরা জিন্দাবাজার মোড়ের পূর্ব পাশের সড়কে অবস্থান করে বিক্ষোভ করতে থাকেন। একপর্যায়ে জিন্দাবাজার এলাকায় অবস্থানকারী পুলিশ সদস্যরা বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে মুহুর্মুহু ফাঁকা গুলি ছোড়েন। এ সময় বিক্ষোভকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান। পথচারীরা আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। ওই এলাকার ব্যবসায়ীরা ভয়ে দোকানপাট বন্ধ করে দেন।