পুলিশ আইছে জিয়ার স্লোগান দেও—ট্রলারে জড়ো হওয়া ৩৭ জন এখন কারাগার–সংশোধন কেন্দ্রে

ধলেশ্বরী নদীতে ট্রলারে জড়ো হয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মিছিল করার চেষ্টার অভিযোগে গ্রেপ্তার ৩৭ কিশোর-তরুণকে জেলা সদর থানা থেকে মুন্সিগঞ্জের আদালতে নিয়ে যাচ্ছে পুলিশ। আজ শনিবার দুপুরেছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১১ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, চারটি ট্রলারে শতাধিক কিশোর-তরুণ। ট্রলারগুলোর পাশেই নোঙর করা ছিল কয়েকটি কার্গো জাহাজ। এ সময় একটি ট্রলারে একজনকে বলতে শোনা যায়, ‘ভাই, একটু কষ্ট হইলেও জিয়ার স্লোগান দেও, পুলিশ আইছে, বুঝছ।’

আরেকটি ভিডিওতে দেখা যায়, ট্রলারে থাকা কিশোর-তরুণদের কয়েকজনকে ধাওয়া দিচ্ছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। তাঁদের আটক করে কান ধরে ওঠবস করানো হচ্ছে। এ সময় ওই তরুণদের দিয়ে ‘আওয়ামী লীগের দুই গালে, জুতা মারো তালে তালে’ স্লোগানও দিতে দেখা যায়।

গতকাল শুক্রবারের এ ঘটনায় অভিযান চালিয়ে পুলিশ ৩৭ কিশোর ও তরুণকে আটক করে। পরে আজ শনিবার আদালতের মাধ্যমে তাঁদের কারাগার ও শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানো হয়। প্রাপ্তবয়স্ক চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।

ভিডিওগুলো একই ঘটনার বলে নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) সজীব দে। আজ শনিবার সন্ধ্যায় তিনি প্রথম আলোকে বলেন, দুপুরে আদালতে আনা ৩৭ জনের মধ্যে অপ্রাপ্তবয়স্ক ৩৩ জনকে মুন্সিগঞ্জ শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তোলা হয়। বাকি চারজন প্রাপ্তবয়স্ক হওয়ায় তাঁদের মুন্সিগঞ্জ থানা আমলি আদালতে তোলা হয়। শুনানি শেষে ৩৩ জনকে শিশু উন্নয়ন কেন্দ্রে আর প্রাপ্তবয়স্ক চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দেন সংশ্লিষ্ট আদালতের বিচারকেরা।

এর আগে গতকাল শুক্রবার সন্ধ্যায় মুন্সিগঞ্জ শহরের মোল্লাচর এলাকা থেকে এই ৩৭ জনকে আটক করে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জ লঞ্চঘাট এলাকা থেকে কয়েকটি ট্রলারে করে বিভিন্ন বয়সী কিশোর ও তরুণ ধলেশ্বরী নদীতে নোঙর করা কার্গো জাহাজের কাছে জড়ো হন। তাঁরা জাহাজে উঠে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পক্ষে মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন বলে অভিযোগ ছিল।

আটক কিশোর-তরুণদের মুন্সিগঞ্জ সদর থানার হাজত প্রিজন ভ্যানে তোলা হচ্ছে
ছবি: প্রথম আলো

বিষয়টি জানাজানি হলে মুক্তারপুর নৌ পুলিশ ও মুন্সিগঞ্জ সদর থানা-পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে ট্রলার নিয়ে পালানোর চেষ্টা করেন ওই কিশোর-তরুণেরা। এ সময় পুলিশের পাশাপাশি স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরাও তাঁদের ধাওয়া করেন। একপর্যায়ে পুলিশ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ৩৭ জনকে আটক করে।

আটকের খবর ছড়িয়ে পড়ার পর কিশোর ও তরুণদের স্বজনেরা শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত মুন্সিগঞ্জ সদর থানার সামনে ভিড় করেন। শেষ পর্যন্ত আটকদের আদালতে তোলা হবে বলে আজ শনিবার সকালে স্বজনদের জানানো হয়।

স্বজনদের দাবি, তাঁদের সন্তানেরা বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে পরিস্থিতির শিকার হয়েছেন। দশকানি এলাকার আলেয়া বেগম বলেন, তাঁর ছেলে দিনমজুরের কাজ করেন। শুক্রবার কাজ বন্ধ থাকায় বন্ধুদের সঙ্গে ঘুরতে বাড়ি থেকে বের হয়েছিলেন তিনি। সন্ধ্যায় জানতে পারেন, পুলিশ তাঁর ছেলেকে ধরে নিয়ে গেছে।

মুন্সিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তসলিম উদ্দিন আজ শনিবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, এর আগে ঘটনাস্থলের আশপাশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা কর্মসূচি পালনের ঘটনা ঘটেছিল। সেখানে আবারও একইভাবে কর্মসূচি পালনের চেষ্টা করে।

ওসি বলেন, একটি ভিডিও তাঁদের নজরে এসেছে। সেখানে পুলিশের উপস্থিতি টের পেয়ে নিজেদের সরকারি দলের লোক হিসেবে জাহির করার চেষ্টা করতে দেখা যায়। তিনি আরও বলেন, আটক ব্যক্তিদের কেউ কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত কি না, তাঁদের বিরুদ্ধে আগে কোনো মামলা আছে কি না কিংবা তাঁরা নিষিদ্ধ দলের হয়ে কোনো কর্মকাণ্ডে জড়িত ছিলেন কি না, তা আদালতের নির্দেশে তদন্ত করা হবে। কার নির্দেশে ওই কিশোর-তরুণেরা সেখানে জড়ো হয়েছিলেন, সেটিও তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।