কলমাকান্দায় আওয়ামী লীগ কার্যালয়ে হামলা ও যুবলীগ নেতাকে মারধরের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নেত্রকোনার কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করা চেয়ার। রোববার রাতে
ছবি: সংগৃহীত

নেত্রকোনার কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে হামলা চালিয়ে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাসকে মারধর করা হয়েছে।

রোববার রাতে উপজেলা সড়ক পরিবহন শ্রমিক কমিটির সাধারণ সম্পাদক গোলাম হোসেন ও তাঁর ভাই গোলাম মৌলার নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে অভিযোগ উঠেছে।

কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম প্রথম আলোকে বলেন, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে। অভিযুক্ত অপর ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে।

এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত গোলাম হোসেন ও তাঁর ভাই গোলাম মৌলার মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তাঁরা ধরেননি।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও উপজেলা আওয়ামী লীগের একাধিক সূত্র জানিয়েছে, রোববার সন্ধ্যায় পলাশ কান্তি বিশ্বাস ও যুবলীগের কয়েকজন নেতা-কর্মী দলীয় কার্যালয়ে বসে ছিলেন। হঠাৎ উপজেলা সড়ক পরিবহন শ্রমিক কমিটির সাধারণ সম্পাদক গোলাম হোসেন ও তাঁর ভাই গোলাম মৌলার নেতৃত্বে ৩০-৩৫ জন কার্যালয়ে ঢুকে পলাশ বিশ্বাসের ওপর হামলা চালান।

ঘটনাস্থলের কাছেই কমলগঞ্জ থানা। সেখান থেকে পুলিশ এলে হামলাকারীরা দৌড়ে পালিয়ে যান। এ সময় পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করে। স্থানীয় লোকজন পলাশ বিশ্বাসকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ঘটনার পর উপজেলা আওয়ামী লীগ জরুরি সভা করেছে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, পলাশ বিশ্বাসের সঙ্গে শ্রমিকনেতা গোলাম হোসেনের বিরোধ চলছিল। কিন্তু তিনি এভাবে দলীয় কার্যালয়ে এসে হামলা চালাতে পারেন না। সবকিছুর সঙ্গে আপস করলেও বঙ্গবন্ধুকে কেউ অসম্মান করলে তাঁদের সঙ্গে আপস করবে না কলমাকান্দা আওয়ামী লীগ। ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তারসহ শাস্তির আওতায় আনতে হবে।