জামালপুরে কৃষককে হত্যার দায়ে দুজনের মৃত্যুদণ্ড, তিন ভাইয়ের যাবজ্জীবন
জামালপুরের দেওয়ানগঞ্জে কৃষক আক্তার হোসেন (৪৫) হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
গতকাল বুধবার দুপুরে জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১–এর বিচারক মোহাম্মদ নেজাম উদ্দীন এই রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ড পাওয়া আসামিরা হলেন দেওয়ানগঞ্জ উপজেলার মৃত আজিজুর রহমানের ছেলে মোতালেব হোসেন ও মৃত আইন উদ্দিনের ছেলে রশিদ জামাল। যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিরা হলেন মৃত আইন উদ্দিনের ছেলে আবদুল লতিফ, সুরুজ মিয়া ও আবদুল হামেদ, মৃত্যুদণ্ডপ্রাপ্ত রশিদ জামাল তাঁদের ভাই। দণ্ডপ্রাপ্ত আসামিদের সবার বাড়ি একই উপজেলার সবুজপুর গ্রামে।
মামলার সংক্ষিপ্ত বিবরণী ও আদালত সূত্রে জানা গেছে, সবুজপুর গ্রামে জমিজমার বিষয় নিয়ে আক্তার হোসেনের সঙ্গে আসামিদের বিরোধ চলছিল। ২০০৭ সালের ২২ মে রাত সাড়ে ৮টার দিকে আক্তারকে বাড়ির কাছের একটি মাঠে ডেকে নেন আসামিরা।একপর্যায়ে তাঁরা আক্তারের পেটে ছুরি দিয়ে আঘাত করেন। পরে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে তাঁকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।
এ ঘটনায় নিহত আক্তারের ছেলে সাইফুল ইসলাম বাদী হয়ে দেওয়ানগঞ্জ থানায় চারজনের নাম উল্লেখ করে এবং তিন-চারজন অজ্ঞাতপরিচয় ব্যক্তিকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১-এর সরকারি কৌঁসুলি দিদারুল ইসলাম জানান, দণ্ডপ্রাপ্তদের মধ্যে মোতালেব হোসেন পলাতক রয়েছেন। অন্য আসামিরা রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন।