সিঙ্গাইরে ঢাকামুখী গাড়িতে গতকাল তল্লাশি করেছে ছাত্রলীগ, আজ করছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকায় বিএনপির সমাবেশকে সামনে রেখে গতকাল মঙ্গলবার বিকেলে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার ধল্লা পুলিশ ফাঁড়ির সামনে গাড়িতে তল্লাশি করে উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা
ছবি: সংগৃহীত

ঢাকায় বিএনপির সমাবেশ উপলক্ষে আজ বুধবার সকাল থেকে মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে সিঙ্গাইর উপজেলার ধল্লা এলাকায় পুলিশ তল্লাশিচৌকি বসিয়ে গাড়িতে তল্লাশি করছে। এর আগে গতকাল মঙ্গলবার বিকেলে ধল্লা পুলিশ ফাঁড়ির সামনে গাড়িতে তল্লাশি চালান উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। উপজেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক নিজেদের ফেসবুক আইডিতে সেই ছবি প্রকাশ করেন।

আজ সকাল থেকে ধল্লা সেতুর পশ্চিম পাশে ধল্লা পুলিশ ফাঁড়ির সামনে বসানো তল্লাশিচৌকিতে পুলিশ বিভিন্ন গাড়িতে তল্লাশি চালাচ্ছে।

স্থানীয় বিএনপির নেতারা অভিযোগ করেন, ঢাকায় বিএনপির সমাবেশে যোগদানে বাধা দিতে পুলিশ তল্লাশিচৌকি বসিয়েছে। সেখানে বিভিন্ন যানবাহনে তল্লাশি করা হচ্ছে। বিএনপির নেতা-কর্মীদের যানবাহন থেকে নামিয়ে দেওয়া হচ্ছে। তবে পুলিশ অভিযোগ অস্বীকার করেছে।

বিএনপির দলীয় সূত্র বলছে, আজ রাজধানীর নয়াপল্টনে সরকার পতনের এক দফা চূড়ান্ত আন্দোলনের ঘোষণা দিতে সমাবেশের আয়োজন করেছে বিএনপি। এ সমাবেশে অংশ নিতে মানিকগঞ্জের বিভিন্ন এলাকা থেকে ঢাকায় যাচ্ছেন দলীয় নেতা-কর্মীরা। ঢাকা-আরিচা মহাসড়ক এবং মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে ভেঙে ভেঙে বিভিন্ন যানবাহনে করে তাঁরা ঢাকায় যাচ্ছেন। তবে পুলিশের তল্লাশিচৌকিতে তাঁদের যানবাহন থেকে নামিয়ে দেওয়া হয়।

এর আগে গতকাল বিকেলে মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে সিঙ্গাইরের বিভিন্ন স্থানে স্থানীয় ছাত্রলীগের নেতা-কর্মীরা তল্লাশি চালান বলে বিএনপির নেতা–কর্মীরা অভিযোগ করেন।

সিঙ্গাইর উপজেলা বিএনপির সভাপতি আবিদুর রহমান খান বলেন, ধল্লা তল্লাশিচৌকিতে পুলিশ বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের যানবাহন থেকে নামিয়ে দেয়। এরপর মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশাসহ বিভিন্ন ছোট ছোট যানবাহনে করে তাঁরা ঢাকায় সমাবেশে যাচ্ছেন। তাঁর অভিযোগ, সাভারের আমিনবাজার থেকে সিঙ্গাইর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাসুদ রানাসহ দলের কয়েক কর্মীকে সাভার মডেল থানার পুলিশ আটক করেছে।

তল্লাশিচৌকির বিষয়ে ধল্লা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত উপপরিদর্শক (এসআই) তারিকুল ইসলাম বলেন, আজ সকাল থেকে তল্লাশিচৌকি বসানো হয়েছে। তবে বিএনপির নেতা-কর্মীদের সমাবেশে যেতে বাধা দেওয়ার অভিযোগ তিনি অস্বীকার করেন।

ছাত্রলীগের গতকালের তল্লাশির বিষয়ে সিঙ্গাইর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল-মামুন প্রথম আলোকে বলেন, স্বাধীনতাবিরোধে অপশক্তি বিএনপি ও জামায়াতের সব অপতৎপরতা, নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও দেশবিরোধী কর্মকাণ্ড রুখতে এবং জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় তাঁরা মাঠে আছেন।