সার্বক্ষণিক টহল
সুন্দরবনের বনরক্ষীদের ঈদের ছুটি বাতিল
মৌসুমি হরিণশিকারি, বনের কাঠ লুটকারী চক্র ও বিষ প্রয়োগে মাছ নিধনকারীরা নিরাপদ সময় মনে করছে ঈদের ছুটির কয়েকটা দিনকে।
সাম্প্রতিক সময়ে সুন্দরবনে হরিণশিকারি চক্রের দৌরাত্ম্য উদ্বেগজনক হারে বেড়েছে। ঈদের ছুটির সুযোগে এই দৌরাত্ম্য আরও বাড়ার শঙ্কা রয়েছে। কয়েক বছর ধরে এ প্রবণতা লক্ষ করা যাচ্ছে। তাই এবার ঈদে সুন্দরবন পশ্চিম বন বিভাগে কর্মরত সব কর্মকর্তা ও বনরক্ষীদের ছুটি বাতিল করে কর্মস্থলে থেকে সার্বক্ষণিক টহলের ব্যবস্থা করা হয়েছে। এই উদ্যোগ সুন্দরবনের প্রাণ-প্রকৃতি রক্ষায় ভূমিকা পালন করবে বলে দাবি করেছেন সুন্দরবন পশ্চিম বন বিভাগের সহকারী বন সংরক্ষক এ জেড এম হাছানুর রহমান।
গতকাল বৃহস্পতিবার দুপুরে এ জেড এম হাছানুর রহমান প্রথম আলোকে বলেন, ঈদের ছুটিতে সুন্দরবনের বনরক্ষীদের অধিকাংশই বাড়িতে চলে যাওয়ায় অরক্ষিত হয়ে পড়ে সুন্দরবনের অধিকাংশ এলাকা। ফলে মৌসুমি হরিণশিকারি, বনের কাঠ লুটকারী চক্র ও বিষ প্রয়োগে মাছ নিধনকারীরা নিরাপদ সময় মনে করছে ঈদের ছুটির কয়েকটা দিনকে। এ জন্য এবার সুন্দরবনের পশ্চিম বন বিভাগের সব বনরক্ষীর ছুটি বাতিল করা হয়েছে। সেই সঙ্গে টহল জোরদার করা হয়েছে। এ ছাড়া সুন্দরবনের সীমান্ত এলাকায় যেসব ক্যাম্প আছে, সেগুলো আরও বেশ কয়েক দিন আগে থেকেই হরিণ শিকার রোধে সতর্কতা অবলম্বন করছে।
বনসংলগ্ন কয়রার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের বাসিন্দা রফিকুল ইসলাম বলেন, বেশ কয়েক মাস ধরে শিকারিরা জেলের বেশ ধারণ করে সুন্দরবনে প্রবেশ করছেন। তাঁরা বনের মধ্যে হরিণ জবাই করে মাংস বানিয়ে লোকালয়ে এনে কেজি দরে বিক্রি করেন। বনজ সম্পদ রক্ষা করতে হলে এখনই তাঁদের চিহ্নিত করে দমন করতে হবে।
বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত তিন মাসে সুন্দরবনসংলগ্ন কয়রা উপজেলা থেকে পুলিশ, র্যাব, কোস্টগার্ড ও বন বিভাগের অভিযানে ৪৭৯ কেজি হরিণের মাংস, ১টি জবাই করা হরিণ, ৫টি চামড়া ও মাথা উদ্ধার করা হয়েছে। এ সময় ছয়জনকে গ্রেপ্তার ও কয়েকটি নৌকা জব্দ করা হয়। এসব ঘটনায় কয়রা থানা ও আদালতে ১০টি মামলা করা হয়েছে। সুন্দরবনসংলগ্ন বিভিন্ন গ্রামে সহজলভ্য হওয়ায় মানুষ হরিণের মাংস কিনছেন। সর্বশেষ ১৭ এপ্রিল কয়রার দক্ষিণ বেদকাশী থেকে তিন মণ হরিণের মাংসসহ শাহ আলম (৩৫) নামের এক যুবককে আটক করে কোস্টগার্ড।
কয়রা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি বিদেশ রঞ্জন মৃধা বলেন, ঈদ সামনে রেখে বন বিভাগের এই উদ্যোগ প্রশংসার দাবি রাখে। তবে হরিণ শিকার রোধ করতে শিকারিদের বিকল্প কর্মসংস্থান তৈরি করত হবে। একই সঙ্গে বনসংলগ্ন গ্রামবাসীকে বনের সম্পদ রক্ষায় সম্পৃক্ত করতে হবে। তিনি বলেন, ‘মাঝেমধ্যে হরিণশিকারিদের ধরা পড়ার খবর মানুষ জানতে পারেন। তবে যাঁরা ধরা পড়েন, তাঁরা দুর্বল আইনের কারণে কয়েক দিন পর জেল থেকে ফিরে এসে বন্য প্রাণী শিকারে লিপ্ত হন। সুন্দরবন আমাদের মায়ের মতো। সবার দায়িত্ব হবে সুন্দরবন ও বনের সম্পদ রক্ষা করা।’
বন বিভাগের তথ্য অনুযায়ী, সুন্দরবনের বাংলাদেশ অংশের আয়তন ৬ হাজার ১৭ বর্গকিলোমিটার। এর মধ্যে স্থলভাগের পরিমাণ ৪ হাজার ১৪৩ বর্গকিলোমিটার এবং জলভাগের পরিমাণ ১ হাজার ৮৭৩ বর্গকিলোমিটার। জীববৈচিত্র্যে ভরপুর বিশ্ব ঐতিহ্য সুন্দরবনে সর্বশেষ জরিপে ১১৪টি বাঘ ও দেড় লাখ হরিণ রয়েছে। তবে এখন হরিণের সংখ্যা আরও অনেক বেড়েছে বলে দাবি বন বিভাগের।
খুলনার সুন্দরবনসংলগ্ন কয়রা উপজেলার বজবজা বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তানজিলুর রহমান বলেন, ‘এ বছর বন বিভাগের নেওয়া পদক্ষেপের কারণে চোরাশিকারি চক্রগুলোর হরিণ শিকার করা প্রায় অসম্ভব হবে বলে আমার ধারণা।’ তিনি বলেন, ‘আমাদের জনবল ও জলযানের সংকট রয়েছে। এরপরও এবার ঈদ সামনে রেখে কয়রার দক্ষিণ বেদকাশী এলাকায় একটি রিজার্ভ ট্রলারে আমরা টহল জোরদার করেছি। আমরা বনজ সম্পদ রক্ষায় আন্তরিকভাবে চেষ্টা করছি।’