পায়রা ও শ্রীমন্ত নদের বাঁধ ভেঙে মির্জাগঞ্জের ১০ গ্রাম প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানি প্রবেশ করছে। আজ বুধবার দুপুরে পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার মেহেন্দিয়াবাদ গ্রামে
ছবি: প্রথম আলো

পটুয়াখালীর মির্জাগঞ্জে লঘুচাপের প্রভাবে গত দুই দিনের টানা মাঝারি থেকে ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গত ২৪ ঘণ্টায় ৮৪ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পটুয়াখালী জেলা আবহাওয়া অফিস। তবে আজ বুধবার সকাল থেকে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কম থাকলেও নদীতে পানির চাপ অব্যাহত রয়েছে। পায়রা ও শ্রীমন্ত নদের পানি স্বাভাবিকের চেয়ে দু–তিন ফুট উঁচুতে প্রবাহিত হচ্ছে।

জোয়ারের তোড়ে উপজেলার সুবিদখালী ইউনিয়নে পায়রা নদের তীরবর্তী মেহেন্দিয়াবাদ গ্রামের বেড়িবাঁধ ভেঙেছে। মাধবখালী ইউনিয়নের শ্রীমন্ত নদের বেড়িবাঁধের কয়েকটি স্থানও ভেঙে গেছে। এতে মেহেন্দিয়াবাদসহ চরখালী, লেমুয়া, চন্দ্রকান্দা দোকলাখালী, রানীপুর, পশ্চিম সুবিদখালী, মাধবখালী ইউনিয়নের রামপুর, সন্তোষপুর গ্রাম ও কাঁঠালতলী বাজার প্লাবিত হয়েছে। প্রতিদিন দুবার প্লাবিত হচ্ছে এসব গ্রাম। দ্রুত পানি সরে না যাওয়ায় বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতার। আমন ধানের চারা দু-তিন ফুট পানিতে তলিয়ে গেছে। এতে দুশ্চিন্তায় রয়েছেন উপজেলার আমনচাষিরা।

বাঁধ ভেঙে জোয়ারের পানি প্রবেশ করে পশ্চিম সুবিদখালী ও দোকলাখালী, দেউলী গ্রামের আমনের খেত, সড়ক ও বাড়িঘর তলিয়ে গেছে।

মির্জাগঞ্জের রানীপুর গ্রামের বাসিন্দা রাজ্জাক বলেন, ‘পায়রা নদের ভাঙনে গত রাতে হঠাৎ বেড়িবাঁধের কয়েকটি স্থান ভেঙে আমাদের ঘরবাড়ি পানিতে তলিয়ে গেছে।’ ওই গ্রামের আরেক বাসিন্দা মো. ছোবাহান মিয়া বলেন, ‘আমাদের এলাকার বাড়িঘর, পুকুর থেকে শুরু করে মাছের ঘের তলিয়ে গেছে। গ্রামীণ কাঁচা সড়ক তলিয়ে যাওয়ায় আমাদের চলাচলে সমস্যার সৃষ্টি হয়েছে।’

দেউলী সুবিদখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন খান বলেন, সুবিদখালী বাজার থেকে মেহেন্দিয়াবাদ গ্রাম পর্যন্ত অন্তত পাঁচটি স্থানে পায়রা নদের তীরবর্তী বেড়িবাঁধ ভেঙে গেছে। বাঁধের কমপক্ষে ২০০ ফুট ভেঙে গেছে। এ ছাড়া সুবিদখালী পশু হাসপাতাল থেকে লেমুয়া গ্রাম পর্যন্ত বেগমপুর খালের বাঁধ ভেঙে জোয়ারের পানি প্রবেশ করে পশ্চিম সুবিদখালী ও দোকলাখালী, দেউলী গ্রামের আমনের খেত, সড়ক ও বাড়িঘর তলিয়ে গেছে।

মাধবখালী ইউপি চেয়ারম্যান কাজী মিজানুর রহমান লাভলু বলেন, গত দুই দিনে অতিবৃষ্টি ও জোয়ারের পানিতে শ্রীমন্ত নদের তীরবর্তী উত্তর মাধবখালী, কিসমতপুর ভুটিয়ার বাজার, কানকী রামপুর ও চরছৈলাবুনিয়া এলাকায় বেড়িবাঁধ ভেঙে রামপুর, মধ্যরামপুর, সন্তোষপুর ও কানকী রামপুর গ্রাম তলিয়ে গেছে। পানিবন্দী হয়ে পড়েছেন এসব এলাকার মানুষ।

এ ব্যাপারে জানতে চাইলে পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. আরিফ হোসেন বলেন, ভাঙন এলাকা পরিদর্শন করে দু-এক দিনের মধ্যে সংস্কারের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।