পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জে ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জ সার্কিট হাউসে সংবাদ ব্রিফিংয়ে কথা বলছেন বিজিবির যশোর অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ হাসান। রোববার বিকেলেছবি : প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় গোপালগঞ্জে ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এ ছাড়া পুলিশ, আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), আনসারসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও মাঠে আছেন।

রোববার বিকেল চারটার দিকে গোপালগঞ্জ সার্কিট হাউসে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান বিজিবির যশোর অঞ্চলের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ হাসান। তিনি বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় দেশের অভ্যন্তরে আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবি নিয়মিত দায়িত্ব পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় গোপালগঞ্জে ১৫০ সদস্যের ছয় প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কাজ করছে।

বিজিবির এই কর্মকর্তা বলেন, জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনা অনুযায়ী বিজিবি সদস্যরা গুরুত্বপূর্ণ স্থানগুলোতে দায়িত্ব পালন করবেন। অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয় করে সার্বিক নিরাপত্তা পর্যবেক্ষণ, জননিরাপত্তা নিশ্চিত এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করবেন। সাধারণ মানুষের জানমাল ও সরকারি সম্পত্তির ক্ষতি হয়, এমন কোনো নাশকতামূলক কর্মকাণ্ড বরদাশত করা হবে না।

ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ হাসান আরও বলেন, দায়িত্ব পালনের সময় বিজিবি সদস্যরা সর্বোচ্চ পেশাদারত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের পরিচয় দেবেন। সাধারণ মানুষের স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে। দেশের প্রয়োজনে বিজিবি সব সময় নিষ্ঠা, পেশাদারত্ব ও আন্তরিকতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করে আসছে।

আরও পড়ুন

ব্রিফিংয়ে পুলিশের ঢাকা রেঞ্জের উপমহাপরিদর্শ (ডিআইজি) মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশের পক্ষ থেকে গোপালগঞ্জে এক হাজার ৩৫০ জন সদস্য মোতায়েন করা হয়েছিল। জেলার ৬৭ কিলোমিটার জাতীয় মহাসড়কে নিয়মিত মোবাইল টিম দায়িত্ব পালন করেছে। ফলে মহাসড়কে এক মিনিটের জন্যও যান চলাচল বন্ধ হয়নি। তিনি বলেন, গোপালগঞ্জ সদরসহ জেলার অন্য চারটি পৌরসভা ও উপজেলা শহরেও পর্যাপ্ত পুলিশ মোতায়েন ছিল। জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সরকারি ও গুরুত্বপূর্ণ স্থাপনার সুরক্ষায় পুলিশ কাজ করেছে।

আরও পড়ুন
লাঠিসোঁটা, লগি–বইঠা নিয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল। রোববার দুপুরে গোপালগঞ্জ শহরে

ডিআইজি আরও বলেন, গোপালগঞ্জ জেলা পুলিশের পাশাপাশি রেঞ্জের অন্যান্য জেলা থেকেও অতিরিক্ত পুলিশ সদস্য এনে দায়িত্ব পালন করছে। পরিস্থিতি বিবেচনায় প্রতিদিনই নিরাপত্তা পরিকল্পনায় পরিবর্তন আনা হয়েছে। আগামী দিনেও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় গোপালগঞ্জ থেকে সদ্য বদলি হওয়া জেলা প্রশাসক আরিফ উজ জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ উপস্থিত ছিলেন।