রাজশাহীতে দুটি বিদেশি পিস্তলসহ তরুণ গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুঠিয়ার সাধুরমোড় এলাকা থেকে এই তরুণকে দুটি বিদেশি পিস্তলসহ আটক করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব
ছবি: র‍্যাব

রাজশাহীর পুঠিয়া উপজেলায় দুটি বিদেশি পিস্তলসহ এক তরুণকে গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল শুক্রবার দিবাগত রাতে উপজেলার সাধুরমোড় এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটক মো. আল আমিন (২৪) জেলার চারঘাট উপজেলার চকমোক্তারপুর গ্রামের সরকারপাড়া এলাকার বাসিন্দা। তাঁর বিরুদ্ধে পুঠিয়া থানায় অস্ত্র আইনে মামলা দিয়েছে র‍্যাব।

আজ শনিবার র‍্যাবের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৫–এর মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল জানতে পারে, পুঠিয়ার সাধুরমোড় গ্রামের ঈদগাহ মাঠের দক্ষিণ পাশে অস্ত্রসহ এক ব্যক্তি অবস্থান করছেন। ঘটনাস্থলে পৌঁছার পর র‍্যাবের উপস্থিতি টের পেয়ে আল আমিন পালানোর চেষ্টা করেন। পরে তাঁকে সেখান থেকেই আটক করা হয়। তাঁর কাছ থেকে দুটি বিদেশি পিস্তল, তিনটি ম্যাগাজিন, চার রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

র‍্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল আমিন জানিয়েছেন যে তিনি পিস্তল বিক্রির উদ্দেশ্যে সেখানে অবস্থান করছিলেন। তাঁর বিরুদ্ধে পুঠিয়া থানায় র‍্যাব বাদী হয়ে অস্ত্র আইনে মামলা করেছে। তাঁকে ওই থানায় হস্তান্তর করা হয়েছে।