বগুড়ার শেরপুরে পুকুরের পাড়ে খেলতে থাকা দুই শিশুর পানিতে ডুবে মৃত্যু

পানিতে ডুবে মৃত্যু
প্রতীকী ছবি

বগুড়ার শেরপুর উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলার খানপুর ইউনিয়নের শুবলী উত্তরপাড়া গ্রামের একটি পুকুরে শিশুদের ভাসতে দেখে উদ্ধার করেন স্থানীয় লোকজন।

মারা যাওয়া শিশুরা হলো শুবলী উত্তরপাড়া গ্রামের বাসিন্দা মো. রাশেদুজ্জামানের ছেলে রবিউল ইসলাম ওরফে রিয়াদ (৫) এবং ইদ্রীস আলীর মেয়ে মোছা. সামিহা খাতুন (৭)। পরিবার দুটির বাড়ি পাশাপাশি। উভয় শিশুর বাবা কৃষক।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ দুপুরে ওই দুই শিশু বাড়ির পাশের একটি পুকুরপাড়ে খেলতে যায়। একপর্যায়ে সবার অজান্তে দুই শিশু পানিতে পড়ে যায়। বেলা সাড়ে তিনটার দিকে গ্রামের এক নারী গোসল করতে গিয়ে রবিউলকে পানিতে ভেসে থাকতে দেখে চিৎকার করেন। স্থানীয় লোকজন ছুটে এসে পুকুরের পানিতে ভাসতে থাকা দুই শিশুকে উদ্ধার করেন। পরে শিশুদের নেওয়া হয় শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সেখানকার চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষণা করেন।

শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাজিদ হাসান সিদ্দিকী প্রথম আলোকে বলেন, ওই দুই শিশুকে মৃত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছিল।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, দুই শিশুর মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।