হাওয়াই মিঠাইয়ের মতো রঙিন জীবনের স্বপ্ন বৃদ্ধ আক্কাসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হাওয়াই মিঠাই বিক্রি করে সংসার চলে ষাটোর্ধ্ব বৃদ্ধ আক্কাস আলীর
ছবি: প্রথম আলো

চিনি বিশেষ যন্ত্রের খাঁচে আগুনের তাপে গলিয়ে ঘোরাতে ঘোরাতে হাওয়াই মিঠাই তৈরি করেন ষাটোর্ধ্ব বৃদ্ধ আক্কাস আলী। তাঁর সেই হাওয়াই মিঠাই কিনতে ভিড় করে শিশুরা। ২০ বছর ধরে এভাবেই হাওয়াই মিঠাই তৈরি করে বিক্রি করছেন তিনি। এ থেকে যে আয় হয়, তা দিয়ে চলে পাঁচজনের সংসার। স্বপ্ন দেখেন আরও ভালোভাবে আর্থিক সচ্ছলতায় দিন কাটানোর।

সম্প্রতি নারায়ণগঞ্জ সদর উপজেলার দক্ষিণ সস্তাপুরে কথা হয় আক্কাস আলীর সঙ্গে। তিনি বলেন, প্রতিদিন ৭০ থেকে ৮০টি হাওয়াই মিঠাই তৈরি করেন তিনি। সাদা ও গোলাপি রঙের প্রতিটি হাওয়াই মিঠাই ১০ টাকায় বিক্রি করেন তিনি।

আক্কাস আলীর বাড়ি সুনামগঞ্জ জেলা সদরে। চার ভাইবোনের মধ্যে তিনি মেজ। অন্যরা কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকলেও তিনি নারায়ণগঞ্জে চলে আসেন। ফতুল্লার বটতলা এলাকায় এক গার্মেন্টসে কাজে যোগ দেন। একপর্যায়ে চোখে সমস্যার কারণে সুইয়ে সুতা লাগাতে না পারায় কাজ ছেড়ে দিতে হয়। সংসার কীভাবে চালাবেন, এই নিয়ে চিন্তায় পড়ে যান। পরে এক আত্মীয়ের কাছ থেকে পাঁচ হাজার টাকা ধার নিয়ে হাওয়াই মিঠাই তৈরির মেশিন কেনেন। হাওয়াই মিঠাই বানিয়ে দুই চাকার ঠেলা গাড়িতে করে বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে বিক্রি করা শুরু করেন।

আক্কাস আলী বলেন, প্রতিদিন সকাল ৯টার দিকে বাসা থেকে হাওয়াই মিঠাই বিক্রির জন্য বের হন। বিকেল ৪টা পর্যন্ত বিক্রি করেন। এরপর বাড়ি ফেরেন। প্রতিদিন ২ কেজি চিনিতে ৭০ থেকে ৮০টি হাওয়াই মিঠাই তৈরি হয়। তিনি বলেন, ‘আগে ৩০ টাকা কেজি চিনি কিনতাম। সে সময় প্রতিটি হাওয়াই মিঠাই বিক্রি করতাম ৫ টাকায়। এখন ১ কেজি চিনি কিনতে হয় ১৪০ টাকায়। প্রতিটি বিক্রি করি ১০ টাকায়।’

আক্কাস আলী বলেন, অভাবের কারণে তিনি নিজে পড়াশোনা করতে পারেননি। সন্তানদের পড়াশোনা করাতে চেয়েছেন। তবে ছেলেটি পড়াশোনায় আগ্রহ দেখায়নি। এখন গার্মেন্টসে কাজ করে। ছোট মেয়েটা পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ে আর পড়াশোনা না করায় হতাশ তিনি। তবে বড় মেয়ে এসএসসি ও এইচএসসিতে জিপিএ-৫ পেয়েছে। এখন স্নাতক পড়ছে। পড়াশোনা শেষ করে মেয়ে ভালো কিছু করবে, এমন আশা তাঁর।

আট বছরের মেয়ে মায়িশা পাপড়িকে নিয়ে হাওয়াই মিঠাই কিনতে এসেছেন গৃহিণী মার্জিয়া রহমান। প্রথম আলোকে তিনি বলেন, ‘হাওয়াই মিঠাই খেতে বাচ্চাটা খুব পছন্দ করে। বানাতে দেখতে খুব ভালো লাগে। মেয়ের সঙ্গে নিজেও হাওয়াই মিঠাই খেতে পছন্দ করি।’