মিতালী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে নারী শ্রমিকের মৃত্যু
নীলফামারীতে মিতালী এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় নয়নজলি রায় (২৫) নামের উত্তরা ইপিজেড কারখানার এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকাল সাড়ে সাতটার দিকে নীলফামারী-সৈয়দপুর রেলপথের দারোয়ানী রেলস্টেশনের লেবেল ক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নয়নজলি রায় সদর উপজেলার সোনারায় ইউনিয়নের বেড়াকুটি কৈপাড়া গ্রামের পলাশ রায়ের স্ত্রী। দুর্ঘটনায় আহত ভ্যানচালক ময়নুল ইসলামকে সৈয়দপুর ১০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়নুল সোনারায় ইউনিয়নের জয়চণ্ডী গ্রামের আব্বাস আলীর ছেলে।
থানার পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, ঘন কুয়াশার মধ্যে ভ্যানে নয়নজলি রায় উত্তরা ইপিজেডে যাচ্ছিলেন। এ সময় সৈয়দপুর থেকে চিলাহাটি স্টেশনের দিকে যাচ্ছিল মিতালী এক্সপ্রেস ট্রেনের খালি ইঞ্জিনটি। ওই ইঞ্জিনের ধাক্কায় ছিটকে রেললাইনে কাটা পড়ে ঘটনাস্থলে নিহত হন তিনি। আহত হন চালক ময়নুল ইসলাম। মিতালী এক্সপ্রেস ট্রেনটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি থেকে বাংলাদেশের ঢাকা রুটে যাতায়াত করে।
সৈয়দপুর জিআরপি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাকিউল আযম বলেন, সকাল সোয়া সাতটার দিকে ভ্যানচালক ওই যাত্রী নিয়ে রেললাইন পারাপার হচ্ছিলেন। এ সময় মিতালী এক্সপ্রেসের ইঞ্জিনটি চলে আসে। আইনি প্রক্রিয়া শেষে নয়নজলির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।