নাশকতার মামলায় বগুড়া জেলা ছাত্রদলের শীর্ষ দুই নেতা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

নাশকতা ও সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে পুলিশের করা মামলায় বগুড়া জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি সাইদুল ইসলাম এবং সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিকীকে কারাগারে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার বগুড়া জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে বিচারক এ কে এম মোজাম্মেল হক চৌধুরী জামিন নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

স্থানীয় বিএনপির একাধিক নেতা অভিযোগ করে বলেন, ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশ ঘিরে বগুড়ায় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে গায়েবি মামলা দেয় ও ধরপাকড় চালায় পুলিশ। এর মধ্যে ২০ নভেম্বর বগুড়া সদর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাদী হয়ে বিএনপির ৭০ নেতা-কর্মীকে আসামি করে বগুড়া সদর থানায় বিস্ফোরক আইনে মামলা করেন। ওই মামলায় আসামিদের বিরুদ্ধে নাশকতার উদ্দেশ্যে লাঠি ও ককটেল নিয়ে একত্রিত হওয়া এবং সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগ আনা হয়।

মামলার পর জাতীয়তাবাদী ছাত্রদলের বগুড়া সদর উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক মিরাজুল ইসলাম, বগুড়া শহর ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি আল রাজিব, সরকারি আজিজুল হক কলেজ শাখা ছাত্রদলের পদপ্রত্যাশী নেতা ফারকাদ সানজি এবং সরকারি শাহ সুলতান কলেজ ছাত্রদলের পদপ্রত্যাশী নেতা রুবেল মিয়াকে গ্রেপ্তার দেখানো হয়। আসামিরা হাইকোর্ট থেকে অন্তর্বর্তীকালীন জামিন নিয়েছিলেন। আজ আদালতে হাজির হলে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়।