চট্টগ্রাম নগরে আবারও নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
চট্টগ্রাম নগরে আবারও ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা। মিছিলের দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, নগরের অনন্যা আবাসিক এলাকায় একটি বেসরকারি হাসপাতালের সামনে মিছিল করছেন তাঁরা। খোঁজ নিয়ে জানা গেছে, আজ বুধবার সকালে মিছিলটি হয়েছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, মিছিলটি অক্সিজেন-হাটহাজারী সড়কের কুয়াইশ অংশ থেকে অনন্যা আবাসিক এলাকার দিকে আসছে। একপর্যায়ে সড়কের পাশে অবস্থিত একটি বেসরকারি হাসপাতালের সামনে জড়ো হন ছাত্রলীগের নেতা-কর্মীরা। এরপর সেখানে স্লোগান দিতে থাকেন। মিছিলে নেতৃত্ব দেন নিষিদ্ধ ছাত্রলীগের চট্টগ্রাম উত্তর জেলা শাখার এক সহসভাপতি।
অনন্যা আবাসিক এলাকাটি নগরের বায়েজিদ বোস্তামী, চান্দগাঁও এবং জেলার হাটহাজারী মডেল থানার আওতাধীন। যে স্থানে মিছিল হয়েছে, সেটি হাটহাজারী থানা এলাকায় পড়েছে। জানতে চাইলে হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহিদুর রহমান প্রথম আলোকে বলেন, ‘মিছিলের কোনো তথ্য আমাদের কাছে নেই। আমরা এ বিষয়ে খোঁজ নিচ্ছি।’
এর আগে গত সোমবার সকালে নগরের জিইসি মোড় এলাকায় ঝটিকা মিছিল বের করে নিষিদ্ধ ছাত্রলীগ। এরপর নগরের বিভিন্ন থানা এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর বিভিন্ন সহযোগী সংগঠনের ৭০ জনকে গ্রেপ্তার করে পুলিশ।